সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: আট বছর গিয়েছে। ক্ষমতার শীর্ষে থাকা থেকে শুরু করে ঘাস ফুলের নৌকা ডুবু ডুবু অবস্থা। দুর্ভাগ্য, এই আটটি বছরে তৃণমূলের সরকারী কর্মচারীদের মন তিনি কখনই পাননি। ২০১১-র বিধানসভা ভোটে যা হয়েছিল, ২০১৯-এও তাই হয়েছে। পোস্টাল ব্যালটে এগিয়ে থেকেছে কখনও বাম, কখনও রাম। ঘাস ফুলের দিকে ফিরেও তাকায়নি সরকারী কর্মচারী। ফল, চরমে পৌঁছে যাওয়া সরকারী কর্মচারী সংগঠনের ক্ষোভ। সরাসরি পরিসংখ্যানে নজর রাখা যাক। ২০১১ সাল, তৃণমূল কংগ্রেস সেই বছরই ৩৪ বছরের বাম সরকারের পতন ঘটিয়ে রাজ্যের ক্ষমতায় আসে। সেই বছর তৃণমূল কংগ্রেস একাই ১৮৪ টি আসন পেয়েছিল, সেখানে ক্ষমতাচ্যুত বাম জোটের সাকুল্যে আসন ছিল ৬২টি, কংগ্রেস ৪২টি আসন পেয়েছিল। সবমিলিয়ে গোহারা হেরেছিল বামেরা। এই অবস্থায় সারা রাজ্যের প্রায় ৩৯ শতাংশ ভোট ব্যাঙ্ক ছিল তাদের দখলে। এই চূড়ান্ত সবুজ ঝড়েও পোস্টাল ব্যালট কথা বলেছিল বামেদের হয়েই। দেখা যাচ্ছে ২৯৪ বিধানসভা আসনের মধ্যে ২৬৩টি আসনে পোস্টাল ব্যালটে এগিয়ে ছিল বামফ্রন্ট। ২২ টি আসনে এগিয়ে ছিল তৃণমূল, চারটি আসনে আগিয়ে ছিল গোর্খা জনমুক্তি মোর্চা, সমাজবাদী পার্টি এগিয়েছিল তিনটি পোস্টাল ব্যালটে। ...