বিরল অস্ত্রোপচারে বড়সড় সাফল্য বাঁকুড়া মেডিক্যাল হাসপাতালের চিকিৎসকদের
তিমিরকান্তি পতি, বাঁকুড়া: এক বিরল ও জটিল অস্ত্রোপচার করে সাফল্যের নজির গড়লেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। ডাঃ উৎপল দে-র নেতৃত্বে চিকিৎসকদের একটি দল প্রায় দু’ঘণ্টা অস্ত্রোপচার শেষে রামপদ বাউরীর পেট থেকে প্রায় ছ’কেজি ওজনের একটি টিউমার বাদ দিলেন। তিনি পুরুলিয়ার হুড়া ব্লক এলাকার লধুড়কা গ্রামের বাসিন্দা৷
প্রায় পনের-ষোলো বছর ধরে অসহ্য পেটের ব্যথায় ভুগছিলেন রামপদ বাউরী। পুরুলিয়া সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে ধারাবাহিকভাবে চিকিৎসা করানোর পরেও সুস্থ হয়ে উঠছিলেন না তিনি৷ অবশেষে গত ২০ মে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসেন তিনি। সেখানকার বহির্বিভাগে দেখানোর পর ডাঃ উৎপল দে তাঁকে তৎক্ষণাৎ ভরতির নির্দেশ দেন।
ভরতির পর থেকে গত কয়েক দিন ধরে টানা ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাঃ উৎপল দের নেতৃত্বে এক দল চিকিৎসক প্রায় দু’ঘণ্টা ধরে জটিল এই অস্ত্রোপচার শেষে রামপদ বাউরীর পেট থেকে প্রায় ছ’কেজি ওজনের বিশালাকার এক টিউমার বের করেন। ডাক্তারি পরিভাষায় যা ‘হাইডাটিড সিস্ট’ নামে পরিচিত। সফল অস্ত্রোপচার শেষে এই রোগী এখন সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

অসুস্থ রামপদ বাউরীর আত্মীয় পবন বাউরী বলেন, রামপদ বাউরী প্রায় ষোলো বছর পেটের ব্যথায় ভুগছিলেন। পুরুলিয়া সহ বেশ কিছু জায়গায় চিকিৎসা করিয়েও কোন কাজ হয়নি। বেসরকারি হাসপাতালে অপারেশনের কথা বললেও সেখানে আড়াই থেকে তিন লক্ষ টাকা খরচের কারণে আমরা পিছিয়ে আসি। এখানে এসে সম্পূর্ণ বিনা পয়সায় ওই রোগীর চিকিৎসা হয়েছে। পেট থেকে ফুটবল আকৃতির টিউমার বের করেছেন চিকিৎসকরা। একই সঙ্গে রামপদ বাউরী এখন সুস্থ আছেন বলেও তিনি জানান।
এই বিরল ও জটিল অস্ত্রোপচারের মূল দায়িত্বে থাকা ডাঃ উৎপল দে বলেন, পেটে ব্যথা নিয়ে পুরুলিয়ার হুড়া ব্লক এলাকার রামপদ বাউরী আমাদের কাছে আসে। ক্রমশ তার পেট ফুলে যাচ্ছিল। বিষয়টা আন্দাজ করে এই মাসের ২০ তারিখে আমরা তাকে হাসপাতালে ভরতি করে নিই। এক্সরেতে একটি টিউমার ধরা পড়ে। এরপর আলট্রাসেনোগ্রাফি ও সিটি স্ক্যানে ধরা পড়ে ওটা এক ধরণের সিস্ট। পেটের পিছনের অংশে এতো বড় আকারের টিউমার তিনি তার জীবনে দেখেননি বলে দাবি করেন৷ এই ঘটনা এক প্রকার বিরলও বটে। তারপর আমরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই। প্রথম থেকেই এই অস্ত্রোপচারে ঝুঁকি ছিল। সেই ঝুঁকি আমরা নিয়েছিলাম। অবশেষে সাফল্য মিলেছে। এই ঘটনায় তিনি খুশি বলেই জানিয়েছে।
The post বিরল অস্ত্রোপচারে বড়সড় সাফল্য বাঁকুড়া মেডিক্যাল হাসপাতালের চিকিৎসকদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2IdJbxA
via IFTTT
Comments
Post a Comment