২০১৯ বাংলদেশ: রাজপথ থাকছে সংঘাতময়

স্বাগত নতুন বছর৷ ইংরাজি নববর্ষে শুভেচ্ছা৷ বর্ষবরণে মিশে থাকে আগামীর পথ চলার ভাবনা৷ এই লক্ষ্যে Kolkata 24×7 নতুন করে ভাবছে৷ এতে মিশে আছে ভবিষ্যৎ দেখার ইচ্ছে৷ আমরা এগিয়ে চলেছি, তাই পিছন ফিরে দেখা নয় আগামীকেই স্বাগত জানাচ্ছি৷ ২০১৯ সালের সম্ভাব্য কিছু ঘটনা তুলে ধরছি৷ বাংলা সংবাদমাধ্যমে এ এক ব্যতিক্রমী প্রচেষ্টা৷ দেশ থেকে বিদেশ, খেলা থেকে মেলা সমস্ত বিষয়ের সব খবর এক ক্লিকে৷ এই প্রতিবেদনে বাংলাদেশের দশদিক…

১. হাসিনার হ্যাটট্রিক


জাতীয় নির্বাচনের পর নতুন সরকারের অধীনে বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে৷ সরকারে থাকার সম্ভাবনা বেশি আওয়ামী লীগের৷ তেমন কিছু ভোট চমক না থাকলেও বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই চলবে এই রাষ্ট্র৷ ২০০৯ সাল থেকে তিনি প্রধানমন্ত্রী৷

২. নির্বাচন পরবর্তী সংঘাত


রাজনৈতিক সংঘাতে বারে বারে রক্তাক্ত হয়েছে বাংলাদেশ৷ ফের বাঁকের মুখে দাঁড়িয়ে এই দেশ৷ একাদশ জাতীয় নির্বাচনের ঠিক পরের মুহূর্তেই নতুন বছর৷ ফলে বছর শুরু থেকেই শাসক-বিরোধী সংঘাত রাস্তায় আরও বড়সড় আকার নেবে৷ রাজপথে সংঘাত উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারেই৷

৩. খালেদার মুক্তিতে আন্তর্জাতিক চাপ


নতুন সরকারকে প্রথম থেকে আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হচ্ছে৷ নতুন বছরে বিএনপি নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ঘিরে সরকার দোদুল্যমানতায় ভূগবে৷ আর্থিক দুর্নীতির মামলায় জেলে খালেদা৷ তাঁকে মুক্ত করতে বিপুল উদ্যমে ঝাঁপাবে বিএনপি৷

৪. এরশাদের রাজনৈতিক সমাপন


নিজেই জানিয়েছেন একাদশ তম জাতীয় নির্বাচনেই শেষবার দাঁড়াচ্ছি৷ ফলে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা সামরিক সরকারের প্রধান হুসেইন মহম্মদ এরশাদ চলে যাচ্ছেন রাজনৈতিক সন্ন্যাস জীবনে৷ তাঁর তৈরি জাতীয় পার্টির ভবিষ্যৎ থাকছে স্ত্রী রওশনের হাতেই৷ নব্বইয়ের কোঠায় এরশাদের পরবর্তী পদক্ষেপ হতেই পারে চমকপ্রদ৷

৫. ফাঁসির মুখে যুদ্ধ অপরাধীরা


পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে একের পর এক যুদ্ধ অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে৷ সেই প্রক্রিয়া ধরেই ২০১৯ সালেও আরও কয়েকজন জামাত নেতা তথা বিভিন্ন নাশকতায় জড়িতদের ফাঁসির প্রক্রিয়া চূড়ান্ত করা হবে৷ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকপন্থী এই রাজাকার বাহিনীর শীর্ষ নেতাদের শিয়রে দাঁড়িয়ে যম৷

৬. তিস্তার চাপ


ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত তিস্তা নদীর জল বন্টন ঘিরে আরও কূটনৈতিক চাপ আসতে চলেছে৷ এই প্রক্রিয়ায় বড়সড় বাধা পশ্চিমবঙ্গ সরকার৷ ফলে জটিলতা থাকবেই৷ তিস্তা কূটনীতি নিয়ে নয়াদিল্লি-ঢাকার বন্ধুত্ব কতদূর সফল হয় তা নিয়ে চলবে চুলচেরা বিশ্লেষণ৷ গরমের সময় ‘তিস্তার পানি’ আনতে আরও মরিয়া হতে চলেছে ঢাকা৷

৭. দ্বিতীয় পদ্মা সেতু


স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নিজস্ব অর্থে তৈরি হচ্ছে পদ্মা সেতু৷ এটি এই দেশের কাছে চ্যালেঞ্জ হিসেবেই চিহ্নিত৷ এই কাজ দ্রুত শেষ করে আরও এক সেতুর ঘোষণা করতে চলেছে বাংলাদেশ সরকার৷ সেটি হচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু৷

৮. চিনের সঙ্গে গাঢ় সম্পর্ক


চিনের ওয়ান বেল্ট ওয়ান রোড নীতি নিয়ে সার্কভুক্ত বিভিন্ন রাষ্ট্র ক্রমশ আগ্রহ দেখাচ্ছে৷ বেজিং-ঢাকা কূটনৈতিক সম্পর্ক আরও গাঢ় হয়েই দেখা দেবে৷ বিরাট পরিমাণ চিনা বিনিয়োগ হতে চলেছে বাংলাদেশে৷ ভারতের উদ্বেগ বাড়িয়ে দেবে এই কূটনৈতিক প্রক্রিয়া৷ যদিও ঢাকা জানিয়েছে, মুক্তিযুদ্ধে বন্ধু ভারতের অবদান ভোলা সম্ভব নয়৷

৯. মুক্তমনা খুন


বাংলাদেশকে ভিত্তি করে বিভিন্ন উগ্র ইসলামিক গোষ্ঠী সক্রিয়৷ এই জঙ্গি সংগঠনগুলি আপাত ঝিমিয়ে থাকলেও তারা হামলা চালাতে প্রস্তুত৷ এমন সতর্কতা আগেই দিয়েছে বিভিন্ন দেশের গোয়েন্দা বিভাগ৷ সেক্ষেত্রে মুক্তমনা তথা ধর্মীয় গোঁড়ামির বিরোধিতা করা, বৈজ্ঞানিক বিষয় নিয়ে লেখা এবং ধর্ম নিরপেক্ষ লেখকদের উপর হামলার আশঙ্কা প্রবল৷

১০. নতুন শক্তিতে জেএমবি


পুরনো জেএমবি ফের চেগে উঠবে৷ তারা নতুন করে শক্তি সংগ্রহ করেছে৷ যদিও নব্য জেএমবি কিছুটা হলেও ব্যাকফুটে৷ আর তাদের মূল ধারা জেএমবি জঙ্গিদের সক্রিয়তা বাড়ছেই৷ ইউরোপের মতো ভিড়ের মাঝে ছুরি ও গাড়ি চাপা দিয়ে খুনের পথ নিয়েছে তারা৷ ঢাকা সহ দেশটির বিভিন্ন শহরে জনবহুল রাস্তায় এর প্রয়োগের সম্ভাবনা প্রবল৷ আত্মঘাতী বিস্ফোরণের প্রবল সম্ভাবনা থাকছেই৷

The post ২০১৯ বাংলদেশ: রাজপথ থাকছে সংঘাতময় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2GMJXUX
via IFTTT

Comments