কলকাতা 24×7-এর খবরের জের, চলছে রাস্তা সারাইয়ের কাজ

শেখর দুবে, কলকাতা: সম্প্রতি সল্টলেকের রাস্তার দুরবস্থা নিয়ে কলকাতা 24×7-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ ১৬ই ডিসেম্বরের সেই প্রতিবেদনের পর হুঁশ ফিরল বিধাননগর পুরসভার৷ শুরু হল রাস্তা মেরামতের কাজ৷ পূর্তভবন, বিদ্যুৎভবনের সামনে বুদ্ধ আইল্যান্ডের
সামনের রাস্তার ভাঙা অংশ সারানো হয়েছে৷ চলছে বাকি অংশের মেরামতির কাজ৷

বিকাশভবন, পূর্তভবন, ময়ূখ ভবন, বিদ্যুৎ ভবন এবং আরক্ষা ভবনের কাছেই বুদ্ধ আইল্যান্ডের সামনে ফিফথ ক্রসরোডের অবস্থা খুব খারাপ ছিল৷ রাস্তার মাঝে ভেঙে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছিল একাধিক জায়গাতে৷

অফিস টাইম ছাড়াও দিন-রাত এই রাস্তার গর্তগুলোর উপর দিয়ে খুব সাবধানেই অটো, ছোট গাড়ি থেকে বড় বাস পার করেন ড্রাইভাররা৷ অভিযোগ ছিল, রাস্তা সারানোর দিকে দৃষ্টি নেই কোনও দফতরের অথচ মরশুমি ফুলের টব দিয়ে সাজানো চলছিল বুদ্ধ আইল্যান্ড সহ আশেপাশের আইল্যান্ডগুলি৷

তবে কলকাতা 24×7-এ এই রাস্তার দুরবস্থা সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর বেশে দ্রুততার সঙ্গেই ব্যবস্থা নিল বিধাননগর পুরসভা৷ মাত্র ৫দিনের মাথায় শুরু হল রাস্তা সারানো৷ সল্টলেকের গুরুত্বপূর্ণ ফিফথ রোড জুড়ে বিভিন্ন জায়াগাতে নামানো হয়েছে রাস্তা সারাইয়ের সরঞ্জাম৷ ক্ষমতায় এসেই কলকাতাকে লন্ডন বানানোর কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

প্রতিশ্রুতি পর্ব পেরিয়ে প্রায় ৮ বছর রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস৷ রাস্তার মাঝের ডিভাইডারে গাছ লাগানো কিংবা ত্রিফলা লাইট জ্বালিয়ে সৌন্দর্যায়ন করার মতো বিষয়গুলির উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ নিয়ম মেনে সল্টলেকের বিভিন্ন আইল্যান্ডগুলিতেও চলছে মরশুমি ফুলের টব বসানো৷ এবার সৌন্দর্যায়নের পাশাপাশি রাস্তার সাস্থ্য ফেরাতেও উদ্যোগী হল সরকার৷

সল্টলেক কলকাতার বাণিজ্য এবং পেশা কেন্দ্র৷ ছোট বড় দেশি-বিদেশি সংস্থার অফিস রয়েছে সল্টলেকে৷ কিন্তু এখানকার বেশিরভাগ রাস্তার মাঝেই রয়েছে বড় বড় গর্ত৷ মাঝে মধ্যে তাপ্পি মেরে সারাই করা হলেও কয়েকদিন পরে যে-কে সেই অবস্থা হয়৷ রাজ্য সরকার এই রাস্তাগুলির সাস্থ্যের প্রতি যথাযথ যত্ন নিলে দেশি বিদেশি কোম্পানির পাশাপাশি সাধারণ মানুষের জন্য কল্যাণকর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

The post কলকাতা 24×7-এর খবরের জের, চলছে রাস্তা সারাইয়ের কাজ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2T4wXLD
via IFTTT

Comments