ওয়েস্ট ইন্ডিজের আশা জিইয়ে রাখলেন হোপ

ঢাকা: টেস্ট সিরিজে ক্লিন সুইপের পর ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে হার। বাংলাদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের খরা চলছিলই। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথমটিতে টাইগারদের কাছে হারতে হয়েছিল পাঁচ উইকেটে। তাই মঙ্গলবার ঢাকায় দিন-রাতের ম্যাচ উইন্ডিজের কাছে ছিল সিরিজে বেঁচে থাকার লড়াই। সেই লড়াইয়ে ক্যারিবিয়ানদের সসম্মানে উতরে দিলেন শাই হোপ।

হোপের ১৪৬ রান বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে বেঁচে থাকার রসদ দিল ওয়েস্ট ইন্ডিজকে। মঙ্গলবার শের-ই বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ান ডে’র যবনিকা শেষ হল টানটান থ্রিলারে। ২ বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ, সিলেটের মাটিতে সিরিজের তৃতীয় ওয়ান ডে হয়ে দাঁড়াল নির্ণায়ক।

মঙ্গলবার ঢাকায় দিন-রাতের দ্বিতীয় ওয়ান ডে’তে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল, উইকেটকিপার মুশফিকুর রহিম এবং অল-রাউন্ডার শাকিব আল হাসানের অর্ধশতরানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে স্কোরবোর্ডে ২৫৫ রান তুলতে সমর্থ হয় টাইগাররা। ইনিংসের দ্বিতীয় ওভারের মাথায় লিটন দাস আহত হয়ে মাঠ ছাড়ার পর শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন ইমারুল কায়েস। এরপর দ্বিতীয় উইকেটে মুশফিকুরের সঙ্গে জুটি বেঁধে কায়েস যোগ করেন ১১১ রান।

অর্ধশতরান পূর্ণ করে ব্যক্তিগত ৫০ রানে তামিম ফিরে যাওয়ার পর ৬২ রানে শেষ হয় মুশফিকুরের ইনিংস। এরপর চতুর্থ উইকেটে শাকিব-মাহমুদুল্লাহ জুটির ৬১ রান টাইগারদের দু’শোর গন্ডির কাছাকাছি পৌঁছে দেয়। মাহমুদুল্লাহ ৩০ রানে সাজঘরে ফিরে গেলেও অধিনায়কের ৬৫ টাইগারদের আড়াইশো রানের দোরগোড়ায় পৌঁছে দেয়। ৪৭ ওভারের মাথায় দলীয় ২৩৯ রানে শাকিব ফিরে গেলে শেষ তিন ওভারে মাত্র ১৬ রান তুলতে সমর্থ হয় টাইগাররা। তিন উইকেট নিয়ে উইন্ডিজের সবচেয়ে সফল বোলার ওসানে থমাস।

২৫৬ রান তাড়া করতে নেমে শুরুতেই চন্দ্রপল হেমরাজের উইকেট খুঁইয়ে বসে ক্যারিবিয়ানরা। কিন্তু বঙ্গ বোলিংব্রিগেডের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ান শাই হোপ। হোপের ব্যাটেই আশার সঞ্চার হয় উইন্ডিজ শিবিরে। প্রথমে ডারেন ব্র্যাভো, তারপর মার্লন স্যামুয়েলস, সবশেষে সপ্তম উইকেটে কেমো পলকে সঙ্গে নিয়ে হোপের ৭১ রানের অবিচ্ছেদ্য জুটি ওয়েস্ট ইন্ডিজকে লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন হোপ। এরই মাঝে তৃতীয় শতরানের সঙ্গে ওয়ান ডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নজির গড়ে ফেলেন হোপ। ১৪৪ বলে তাঁর ১৪৬ রানের অনবদ্য ইনিংস ওয়েস্ট ইন্ডিজিকে সিরিজে সমতা ফেরাতে সাহায্য করে। ১২টি চার ও ৩টি ছয় দিয়ে সাজানো ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচের সেরা হোপ।

The post ওয়েস্ট ইন্ডিজের আশা জিইয়ে রাখলেন হোপ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zUuQ61
via IFTTT

Comments