বাবরি ধ্বংসের দিনে একাধিক সংগঠনের মিছিলে তপ্ত কলকাতা

কলকাতাঃ  আজ বৃহস্পতিবার বাবরি মসজিদ ধ্বংসের ২৬ তম স্মরণ দিবস। এই উপলক্ষ্যে প্রতিবারের মতোই এবারেও একাধিক রাজনৈতিক দলের মিছিল রয়েছে শহর কলকাতায়। পথে নামবে একাধিক সংগঠনের মিছিলও। একদিকে বিজেপির রথযাত্রা অন্যদিকে বাবরি মদজিদ ধ্বংসের স্মরণ দিবস। ফলে প্রত্যেক রাজনৈতিকদলের কাছেই এইদিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ লোকসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দলই চায় রামমন্দির ইস্যুতে নিজেদের শক্তি দেখাতে। বেলা ১২টার পর থেকেই একের পর এক মিছিল শহরের রাস্তায়।

ইতিমধ্যে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট ও বাইরের বিভিন্ন বাম ও সহযোগী দল মহামিছিলের বের হয়েছে কলকাতায়। পূর্ব ঘোষণা মত মহাজাতি সদনের সামনে কয়েক হাজার সমর্থককে জড়ো করে প্রথমে সভা করবে উদ্যোক্তারা। সেখানে সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, মহম্মদ সেলিম সহ তাবড় বাম নেতারা বক্তব্য রাখেন। তারপর শুরু হয় মিছিল। মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, এজেসি বোস রোড, মল্লিকবাজার, পার্ক স্ট্রিট হয়ে সুরাবর্দি অ্যাভিনিয়ে পার্ক সার্কাস ময়দানের সামনে গিয়ে শেষ হবে।

অন্যদিকে, বেলা ১১টা নাগাদ পার্ক সার্কাস থেকে একটি মিছিল বের করেছে আসাউদ্দিন ওয়েসি’র সংগঠন মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের রাজ্য শাখা। তারা সিআইটি রোড-মৌলালি হয়ে মিছিল নিয়ে যায় ধর্মতলা পর্যন্ত। প্রায় একসময়ে শিয়ালদহ ও হাওড়া থেকে দু’টি বড় মিছিল করে সংবিধান বাঁচাও সমিতি। সংখ্যালঘু যুব ফেডারেশন, আম্বেদকর মিশন, ইমাম-মোয়াজ্জিন কাউন্সিল সহ বেশ কিছু সংগঠন যৌথভাবে এই মঞ্চের ব্যানারে নিজেদের শক্তি প্রদর্শন করে। তারা রানি রাসমণি অ্যাভিনিউয়ে জড়ো হয়ে সভা করে।

ফলে একাধিক মিছিল শহরের রাস্তায় বের হওয়াতে তীব্র যানজটের তৈরি হয়েছে। যদিও পুলিশের তরফে বাড়তি ব্যবস্থা রাখা হয়েছে। কলকাতা পুলিশ অবশ্য শেষ মুহূর্ত পর্যন্ত খোঁজখবর নিয়ে সেইমতো তাদের বন্দোবস্ত যথাসম্ভব আঁটসাঁট করছে। তবে তাদের বেশি মাথাব্যথা শহরের যানবাহন চলাচল কতটা স্বাভাবিক রাখা যায়, তা নিয়ে। স্কুলের ছাত্র-ছাত্রী সহ দৈনন্দিন কাজে বেরনো মানুষের দুর্ভোগ কমানোর দিকে তাকিয়ে ট্রাফিক পুলিশকে পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে লালবাজার কর্তৃপক্ষের তরফে।

The post বাবরি ধ্বংসের দিনে একাধিক সংগঠনের মিছিলে তপ্ত কলকাতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QBDqjt
via IFTTT

Comments