ডার্বির আগে ধাক্কা লাল-হলুদে, পাঁজরের হাড় ভাঙল এনরিকের
কলকাতা: গোকুলাম ম্যাচ জিতে যেনতেন প্রকারে ডার্বির আগে উইনিং ট্র্যাকে ফেরাই ছিল লক্ষ্য। শনিবার ম্যাচ জিতে সেই লক্ষ্যে সফল ইস্টবেঙ্গল কোচ থেকে ফুটবলার সবাই। ৩-১ গোলে ম্যাচ জিতে প্রয়োজনীয় আত্মবিশ্বাসও গোকুলাম ম্যাচ থেকে জুগিয়ে নিয়েছে লাল-হলুদ। কিন্তু ধাক্কাটা দিয়ে গেল এনরিকে এসকুয়েদার চোট। ফলে ডার্বিতে মেক্সিকান ফরোয়ার্ডের মাঠে নামার বিষয়ে দেখা দিল বড়সড় প্রশ্নচিহ্ন।
গোকুলাম ম্যাচ চলাকালীনই শনিবার চোট পান এনরিকে। ৪৬ মিনিটে দু’গোলে আগুয়ান ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রো এনরিকেকে তুলে মাঠে নামান বিদ্যাসাগর সিংকে। ম্যাচের পর এক্স-রে করা হয় বুকে চোট পাওয়া এনরিকে এসকুয়েদার। এক্স-রে রিপোর্ট পাওয়ার পরই পরিষ্কার হয় তাঁর পাঁজরের হাড় ভাঙার বিষয়টি। এক্স-রে রিপোর্ট পাওয়ার পরই অনিশ্চিত হয়ে পড়ে মেক্সিকান ফরোয়ার্ডের মাঠে নামার বিষয়টি।

যদিও হাতে এক সপ্তাহ সময় থাকায় এখনই দুশ্চিন্তার ভাঁজ কপালে ফেলতে নারাজ কোচ থেকে কর্মকর্তারা। তবে পুরো বিষয়টি এনরিকের হাতেই ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এনরিকে নিতান্ত মাঠে না নামতে পারলেও বড় ম্যাচে ষষ্ঠ বিদেশী কোলাডোর অভিষেক প্রায় নিশ্চিত। গোকুলাম ম্যাচেই তাঁকে প্রবলভাবে মাঠে নামাতে চেয়েছিলেন লাল-হলুদের স্প্যনিশ কোচ। কিন্তু কোয়েস গ্রুপের সিইও সঞ্জিত সেনের প্রবল চেষ্টা সত্ত্বেও আন্তর্জাতিক ছাড়পত্র হাতে না পাওয়ায় কোলাডোর মাঠে নামার বিষয়টি চলে যায় বিশ বাঁও জলে।
যদিও হারের হ্যাটট্রিকের পর গোকুলাম ম্যাচে জয়ে ফিরে এসেছে দল। ডার্বির আগে এই ৩-১ গোলে জয়টাই যেন বেশি ভরসা জোগাচ্ছে কোচ বা সমর্থকদের। শনিবার তৃতীয় জয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের পিছনেও ফেলে দিয়েছে তারা। ছয় ম্যাচ পয়েন্ট সংখ্যা সমান হলেও গোলপার্থক্যে পদ্মাপাড়ের ক্লাব রয়েছে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে। সেখানে গঙ্গাপাড়ের ক্লাব অবস্থান করছে লিগ টেবিলের অষ্টম স্থানে।
The post ডার্বির আগে ধাক্কা লাল-হলুদে, পাঁজরের হাড় ভাঙল এনরিকের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2L63vlJ
via IFTTT
Comments
Post a Comment