৭১-রের যুদ্ধের অধিনায়ককে ভুলে যেতে বসেছেন বালুরঘাটবাসী

শংকর দাস, বালুরঘাট: ৭১-রের যুদ্ধের অধিনায়ককে বেমালুম ভুলে গিয়েছে বালুরঘাট। ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল লছমন সিং লাহেলের নামে দিল্লিতে রাস্তার নামকরণ হলেও সংস্কৃতির শহরে তা হয়নি। ১৯৭১ সালে হিলিতে পাক সেনার হামলায় চারশোরও বেশি ভারতীয় সেনা মারা গিয়েছিলেন। লছমন সিং লাহেল যে ঘটনার শুধু বদলা হিসেবে পাকিস্তানের কুখ্যাত ব্রিগেডিয়ার তাজামুল হোসেন মালিককে পরাজয় স্বীকার করতে বাধ্য করেছিলেন। ৯৮ বছর বয়সী লছমন সিং লাহেল বর্তমানে দিল্লির নিজগৃহে স্মৃতিভ্রষ্ট হয়ে পড়ে রয়েছেন।

বাংলাদেশের অন্যান্য এলাকায় ৭১-এর ১৬ ডিসেম্বর যখন পাক সেনারা আত্মসমর্পনে ব্যস্ত তখনও হিলিতে পাক সেনার সাথে যুদ্ধ জারিই ছিল। কারণ পাকিস্তানের তরফে হিলি সেক্টরের দায়িত্বে ছিলেন সেদেশের কুখ্যাত এক সেনা আধিকারিক। ২০৫ মাউন্টেরিয়ান ব্রিগেডের বিগ্রেডিয়ার তাজমুল হোসেন মালিক। রক্ত পিপাসু তাজামুল হোসেন মালিক কিছুতেই ভারতীয় সেনার কাছে মাথানত করতে রাজি ছিলেন না।

হিলি রেললাইন বরাবর তিনদিক ব্যারিকেড করে বাঙ্কারের মধ্য থেকে যুদ্ধ চালিয়েই যাচ্ছিলেন। মেজর জেনারেল লছমন সিং লাহেলের নেতৃত্বে মুক্তি যোদ্ধাদের সহযোগিতায় অবশেষে উম্মুক্ত পেছন থেকে আক্রমণ করে পাক সেনাকে পরাস্ত করেছিল ভারতীয় জওয়ানরা।

১২ ডিসেম্বর পাক সেনার হামলায় নিহত জওয়ানদের অন্ত্যোষ্টিক্রিয়া যে মাঠে হয়েছিল সেই মাঠে প্রতি বছর ১০০ রেজিমেন্টের তরফে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। ১২ ডিসেম্বর তথা পাক যুদ্ধে ভারতের জয় লাভের কথা স্মরণ করে সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস ক্লাবের সদস্য সাংবাদিকরা মেজর জেনারেল লছমন সিং লাহেলকে একক সম্মানে ভূষিত করেছেন।

জেলা সৈনিক বোর্ডের সম্পাদক স্কোয়ারড্রন লিডার সত্যব্রত চক্রবর্তী জানিয়েছেন, ইন্দো-পাক যুদ্ধে হিলি রণাঙ্গনের গুরুত্ব অপরিসীম। ৭১-এর ১২ ডিসেম্বর ভারতীয় সেনার উপর আঘাত এনেছিল পাক সেনারা। সেই পরিপ্রেক্ষিতেই ভারতীয় বিমান ও পদাতিক বাহিনী গর্জে উঠেছিল। যার পুরোধা ছিলেন মেজর জেনারেল লছমন সিং লাহেল। এবারেও ২১ তম হিলি দিবস বার্ষিকী হিসেবে হিলির শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ অর্পণ অনুষ্ঠান হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস ক্লাবের সভাপতি ভাস্কর চট্টোপাধ্যায় সম্প্রতি দিল্লিতে গিয়ে অসুস্থ লছমন সিং লাহেলের সঙ্গে দেখা করে এসেছেন। এই বিষয়ে প্রবীণ সাংবাদিক জানান, ছোটো বেলায় খুব কাছ থেকে তিনি বালুরঘাটে মেজর জেনারেল লছমন সিং লাহেলকে দেখে ছিলেন। রণকৌশলী ও অত্যন্ত বুদ্ধিদীপ্ত সেনা অধিনায়ক ছিলেন তিনি। শুধু হিলি যুদ্ধেই নয় কাশ্মীরেও তাঁর নেতৃত্বে পাক সেনাকে হারিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।

একাত্তরের যুদ্ধ জয়ের স্মারক হিসেবে বগুড়া থেকে শত্রুপক্ষের ব্রিটিশ স্যাফে ট্যাংক টেনে এনে বালুরঘাটকে উপহার দিয়েছিলেন তিনি। রঘুনাথপুর এলাকায় আজও সেই ট্যাংকটি শোভা পাচ্ছে। দিল্লিতে তাঁর নামে রাস্তার নামকরণ হয়ে থাকলেও বালুরঘাটে আজও তা করা হয়নি বলেও প্রবীণ সাংবাদিক আক্ষেপ প্রকাশ করেছেন।

এদিকে ভারতীয় সেনার ১০০ রেজিমেন্টের নায়েব সুবেদার রাজকুমার জানিয়েছেন, ১৯৭১-এ হিলিতে তাঁদের রেজিমেন্টের বহু জওয়ান শহিদ হয়েছিলেন। যাঁদের শ্রদ্ধা জানাতে প্রত্যেক বছর বিশেষ এই দিনটিতে তাঁরা হিলিতে আসেন। হিলি যুদ্ধের গুরুত্ব এতটাই অপরিসীম যে ১০০ রেজিমেন্টে একটি কোম্পানির নামকরণ হিলি ব্যাটারি রাখা হয়েছে।

The post ৭১-রের যুদ্ধের অধিনায়ককে ভুলে যেতে বসেছেন বালুরঘাটবাসী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PxXKxV
via IFTTT

Comments