ভালোবাসায় বছর পার বিরাট-অনুষ্কার

পারথ: ১১ ডিসেম্বর, ২০১৭। ঠিক একবছর আগে আজকের দিনটাতেই ইতালির ওয়েডিং ডেস্টিনেশনে এক হয়েছিল চার হাত। তাস্কানির নৈস্বর্গিক পটভূমিতে হয়ে গিয়েছিল ক্রিকেট-বলিউডের সবচেয়ে হাই-প্রোফাইল বিয়েটা। গাঁটছড়া বেঁধেছিলেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি এবং বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা।

১১ ডিসেম্বর, ২০১৮। একবছরে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। কিন্তু ভালোবাসা সমান অটুট ‘বীরুষ্কা’র। এক পলকে যেন কেটে গেল একটা বছর। তাই প্রথম বিবাহ বার্ষিকীতে একে অপরের প্রতি ভালোবাসায়, আবেগঘন টুইটে মজলেন বিরাট-অনুষ্কা।

প্রথম বিবাহ-বার্ষিকীর সকালে একে অপরের প্রতি ভালোবাসা জাহির করতে নিজেদের টুইটার অ্যাকাউন্ট বেছে নিলেন ‘বীরুষ্কা’। বিরাট লেখেন, ‘বিশ্বাসই হচ্ছে না একটা বছর কেটে গেল। মনে হচ্ছে যেন গতকালকের কথা। সময় সত্যিই বড্ড তাড়াতাড়ি চলে যায়। হ্যাপি অ্যানিভার্সারি প্রিয় বন্ধু, আমার সোলমেট। সারাজীবণ আমারই থেকো।’

বেটার হাফের টুইটের মিনিট তিনেকের মধ্যেই পাল্টা টুইট মিসেস কোহলির। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি লেখেন, ‘এটা স্বর্গ, যখন তোমার কোনও সময়ের খেয়াল থাকে না। এটা স্বর্গ, যখন তুমি একজন ভালো মানুষকে বিয়ে কর।’ কোহলিকে এই বার্তা দেওয়ার পাশাপাশি তাঁদের বিবাহ অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনুষ্কা। বিশেষ কয়েকটি মুহূর্তের ছবি পোস্ট করেন বিরাটও।

২১ শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘জিরো’। অনুষ্কার সঙ্গে একই ছবিতে অভিনয় করেছেন বলিউড বাদশা শাহরুখ খান, রয়েছেন ক্যাটরিনা কাইফও। সুতরাং, বক্স অফিসে যে ঝড় তোলার অপেক্ষায় অনুষ্কা অভিনীত ‘জিরো’, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডির মন পড়ে রয়েছে সুদূর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে। প্রথম বিবাহ-বার্ষিকীর প্রাক্কালে তাই ছবির প্রোমোশন শিঁকেয় তুলে বেটার হাফকে সঙ্গ দিতে ক্যাঙ্গারুর দেশে পাড়ি দিয়েছেন অনুষ্কাও। শুধু তাই নয়, ম্যাচের দ্বিতীয় দিন ভারত বনাম অজি ম্যাচে চোখ ছিল তাঁর। টিভিতে নয়, বরং অ্যাডিলেডের গ্যালারিতে হাজির ছিলেন পিকু গার্ল।

কম যান না বিরাটও। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে অজি ভূমে প্রথম টেস্ট জিতেই এগিয়ে গিয়েছেন সিরিজে। রাত পোহানোর আগেই প্রথম বিবাহ-বার্ষিকীতে স্পেশাল সামওয়ানকে ‘ঐতিহাসিক’ টেস্ট জয় উপহার দিয়েছেন বিরাট। স্বাভাবিকভাবেই অ্যাডিলেডে প্রথম টেস্ট জয় ‘বীরুষ্কা’র বিবাহ-বার্ষিকীর মাত্রাটা যে দ্বিগুণ করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই বিবাহ-বার্ষিকীর সকালে একে অপরের জন্য টুইট ভাইরাল নেটদুনিয়ায়। আর অনুরাগীরা বলছেন ‘সদা খুশ রাহো তুম, দুয়া হ্যায় হামারি’।

The post ভালোবাসায় বছর পার বিরাট-অনুষ্কার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2C45FPG
via IFTTT

Comments