নজির গড়ে হালে পানি দিলেন ময়াঙ্ক

মেলবোর্নে: অ্যাডিলেড এবং পারথে চার ইনিংস মিলিয়ে দুই ভারতীয় ওপেনারের সংগ্রহ ছিল মাত্র ৮৭ রান। সেখানে তৃতীয় টেস্টে সুযোগ পেয়েই ওপেনিংয়ে বাজিটা মেরে গেলেন ময়াঙ্ক আগরওয়াল। অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেককারী ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংসটা বুধবার খেলে ফেললেন কর্ণাটকের ডানহাতি ব্যাটসম্যান। হালে পানি পেল ভারতের ওপেনিং।

পৃথ্বী শ’র চোট হঠাৎই সুযোগ করে দিয়েছিল তাঁকে। আর প্রথম দুই টেস্টে দুই ব্যর্থ ওপেনারকে সরিয়ে বক্সিং ডে টেস্টে তরুণ ময়াঙ্কের হাতে টেস্ট ক্যাপ তুলে দিল ভারতের থিঙ্ক-ট্যাঙ্ক। পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না পেয়েই মেলবোর্নে দলের হয়ে ময়াঙ্কের ওপেন করার ঘটনায় প্রথমে শঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে। স্টার্ক-হ্যাজেলউডদের গতি সঙ্গে লায়নের ঘূর্ণির সামনে কতটা সফল হতে পারবেন ময়াঙ্ক? প্রশ্নটা উঠছিলই। কিন্তু অভিষেকে অর্ধশতরান করে প্রথম শ্রেণীর ক্রিকেটে সফল ব্যাটসম্যান জানান দিয়ে গেলেন যথাযথ সুযোগ পেলে জাতীয় দলের ওপেনিংয়েও মুখ হয়ে উঠতে পারেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল ময়াঙ্ক৷ এখনও পর্যন্ত ৪৬টি প্রথমশ্রেণির ম্যাচ খেলেছেন কর্নাটকের এই ডানহাতি ব্যাটসম্যান৷ ৮টি সেঞ্চুরি রয়েছ তাঁর ঝুলিতে। সর্বোচ্চ অপরাজিত ৩০৪। সম্প্রতি ভারত-এ দলের হয়েও রান এসেছে তাঁর ব্যাট থেকে। ময়াঙ্কের ব্যাটিং আগ্রাসন নিয়ে বলতে গিয়ে তাঁর কোচ ইরফান শেঠ জানান, ‘সাধারণ বল পুশ করতে পছন্দ করে না ময়াঙ্ক৷ ও খুব ইতিবাচক ব্যাটসম্যান। আমি ওকে বগ ডাউন করতে খুব বেশি দেখিনি। সম্প্রতি রানের মধ্যে রয়েছে। সাধারণত আক্রমণাত্মক ব্যাটিংই করে ও।’

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দুটি সেশনে ময়াঙ্কের ব্যাটিংয়ে সেসবেরই ছাপ স্পষ্ট। দুরন্ত পেস অ্যাটাকের সঙ্গে লায়নের ঘুর্ণি। মেলবোর্নের পিচে স্বচ্ছন্দেই থিতু হয়ে গেলেন গত রঞ্জি মরশুমে তিনটি শতরানের মালিক। ব্যাটিংশৈলীর সঙ্গে সঙ্গেই দায়িত্ববান ময়াঙ্ককেও দেখল মেলবোর্নের হাজার আশি দর্শক। দু’অঙ্কের ঘরে পৌঁছতে না পারলেও ৬৬ বল খেলে অক্সিজেনটা জুগিয়েছিলেন হনুমা বিহারী। আর ময়াঙ্কের হাত ধরে মেলবোর্নে আইসিইউ থেকে বেরিয়ে এল ভারতের ওপেনিং ইউনিট। পাশাপাশি বছর সাতাশের এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার মাটিতে গড়ে ফেললেন এক অনন্য নজির।

১৯৪৭ দাত্তু ফাড়কারের করা ৫১ রানের ইনিংস অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেককারী ব্যাটসম্যান হিসেবে ছিল সর্বোচ্চ। ১৬১ বলে ৭৬ রান করে ৭১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ময়াঙ্ক। বুধবার এমসিজি-তে কর্ণাটকী ব্যাটসম্যানের ইনিংস সাজানো ছিল আটটি চার ও একটি ছয়ে। তাঁর স্বপ্নের অভিষেককে সঙ্গী করেই গুরুত্বপূর্ণ তৃতীয় টেস্টের শুরুটা ভালো করল বিরাটবাহিনীও। ওপেনিংয়ে আশা জাগানো ময়াঙ্ককে ঘিরে এখন সিরিজে এগিয়ে যাওয়ার স্বপ্নে শান দিচ্ছেন পূজারা-বিরাট।

The post নজির গড়ে হালে পানি দিলেন ময়াঙ্ক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Rhgt5A
via IFTTT

Comments