মোদীর স্টাইলেই লোকসভায় ডিজিটাল প্রচারে জোর অধীরের
স্টাফ রিপোর্টার, কলকাতা: সময়ের সঙ্গে তাল রেখে শুরু হয়েছে ডিজিটাল প্রচার৷ গত লোকসভা ভোটে ডিজিটাল প্রচারে আসমুদ্র হিমাচল ঝড় তুলেছিলেন নরেন্দ্র মোদী৷ এবার নিজের ক্ষতবিক্ষত গড়ে সেই স্টাইলেই ব্যাটিং করতে নামছেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী৷ প্রচারমাধ্যম হিসেবে আস্থা রাখা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে৷ তৈরি করা হচ্ছে ওয়েবসাইট৷ সেখানেই সাংসদ হিসেবে গত পাঁচ বছরে তাঁর কাজের খতিয়ান তুলে ধরা হবে৷ সেই লিঙ্কগুলোই ভোটারদের ফেসবুক-হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়া হবে৷ সেই সঙ্গে প্রার্থী অধীর চৌধুরীর বক্তব্যও পৌঁছে যাবে মানুষের কাছে৷
আরও পড়ুন: গঙ্গাসাগরের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদকে একসময় অধীর চৌধুরীর গড় বলা হত৷ কিন্তু সেই গড়ে বড়সড় ফাটল ধরিয়েছে তৃণমূল কংগ্রেস৷ জেলার একাধিক কংগ্রেস বিধায়ক এখন শাসক শিবিরে৷ শুভেন্দু অধিকারীর হাত-যশে হাতের বাঁধন আলগা হয়েছে৷ তবুও বহরমপুর কেন্দ্রে এখনও রয়ে গিয়েছে অধীর চৌধুরীর দাপট৷ মনে করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অনেকেই৷ তারই পুরষ্কার হিসাবে মুর্শিদাবাদ থেকে ফের কংগ্রেসের টিকিটে প্রার্থী হওয়া স্রেফ সময়ের অপেক্ষা বহরমপুরের ‘রবিন হুডের’৷

প্রদেশ সভাপতির পদ যাওয়ার পর থেকেই নিজের খাস তালুক বহরমপুরে বেশি করে সময় কাটাচ্ছেন অধীর৷ মাঝেমধ্যে কাজের প্রয়োজনে দিল্লি যাওয়া ছাড়া পুরো সময়টাই এলাকায় ব্যয় করছেন৷ কর্মীসভা করতে গিয়ে বুঝছেন মানুষ আগের থেকে এখন অনেক বেশি’স্মার্ট’৷ ফেসবুক-হোয়াটসঅ্যাপেই তারা অধিকাংশ সময় সক্রিয়৷
আরও পড়ুন: পদ্মাপারে ভোট: হিন্দু এবং সংখ্যালঘুদের উপর হামলা রুখবে বাহিনী
তাই প্রচারে তৃণমূল-বিজেপিকে পাল্লা দিতে অত্যাধুনিক ডিজিটাল মাধ্যমটাকে হাতছাড়া করার সাহস দেখাচ্ছেন না অধীর চৌধুরী৷ জানা গিয়েছে, সাংসদ হিসেবে তাঁর পাঁচববছরের কাজের খতিয়ান ছাড়াও পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের লাগামহীন সন্ত্রাস এবং বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভেদের কথাও পৌঁছে দেওয়া হবে৷

সোমেন মিত্র প্রদেশ সভাপতি হওয়ার পর বঙ্গ কংগ্রেসের প্রচার কমিটির চেয়ারম্যান হয়েছেন অধীর চৌধুরী৷ জানা গিয়েছে, সংসদে অধিবেশন শেষ হলেই রাজ্যের প্রচারের কৌশল নিয়ে দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলবেন তিনি৷ প্রতিটা জেলায় আলাদা করে প্রচার কমিটির দায়িত্ব বন্ঠন করবেন অধীর৷ সেখানেও গুরুত্ব পাবে অত্যাধুনিক প্রচার প্ল্যাটফর্ম৷
আরও পড়ুন: এবার নিরাপত্তার মোড়কে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়
‘সাইনিং ইন্ডিয়া’ প্রচার করে ২০০৪ সালে পদ্মফুলে কাঁটা ফুটেছিল৷ এযাবৎকালেও মোদী-শাহ জুটিকে ‘প্রচারসর্বস্ব’ বলে কটাক্ষ করে হাত শিবির৷ সেই কথা মাথায় রেখে সাবধানী প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ শুধু ডিজিটাল প্রচারে ভরসা নয়৷ লোকসভার জন্য ঘর গুছনোর প্রাথমিক পর্বে সাবেকি জনসংযোগের কাজে সময় নিয়োগ করছেন অধীর এণ্ড কোম্প্যানি৷
The post মোদীর স্টাইলেই লোকসভায় ডিজিটাল প্রচারে জোর অধীরের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2GHNEv9
via IFTTT
Comments
Post a Comment