‘রিয়াল’ চ্যালেঞ্জের আগে চনমনে লাল-হলুদ
কলকাতা: বছরের শেষ ম্যাচটা খেলতে যাচ্ছে দল। তার উপর ম্যাচ জিতে ফের লিগের মগডালে চড়ার হাতছানি। কিন্তু বৃহস্পতিবার সকালে ইস্টবেঙ্গল অনুশীলনে গিয়ে দেখা গেল ডার্বি জয়ের রেশ ছেড়ে বেরোতে পারেননি কতিপয় সমর্থক। বড় ম্যাচে দলের প্রথম গোলে যতই অফসাইডের গন্ধ লেগে থাক, মুভমেন্টটা যেন হৃদয়ে গেঁথে গিয়েছে সমর্থকদের। কাশ্মীর ম্যাচের আগেরদিন সেই নিয়েই চলছে আলোচনা।
বাইরে যখন আলেজান্দ্রোর পাসিং ফুটবল নিয়ে চর্চা চলছে সমর্থকদের মধ্যে, মাঠের ভিতরে তখন সেই অস্ত্রেই শান দিয়ে চলেছেন দানমাওয়াইয়া, আইদারা, কোলাডোরা। প্রতিপক্ষ আনকোরা রিয়াল কাশ্মীর এফসি। মেহরাজ, ইসফাকের রাজ্য থেকে প্রথম ক্লাব হিসেবে আই লিগের প্রিমিয়র ডিভিশনে। তার উপর গত ম্যাচে চেন্নাইয়ে গিয়ে লিগ শীর্ষে থাকা দলটাকে হারিয়ে তারা পা রেখেছে কলকাতায়। শুধু তাই নয়, পয়েন্টের নিরীখে এগিয়ে থেকেই কাল আলেজান্দ্রোর ছেলেদের বিরুদ্ধে মাঠে নামছে রিয়াল কাশ্মীর। লিগ টেবিলে দু’নম্বরে তারা।

তাই কাশ্মীরের দলটা চমকে দিতে পারে যে কোনও মুহূর্তে। দলে যেমন রয়েছে ক্রিজোর মত একটা ভালো মানের স্ট্রাইকার। তেমনই লাভডে, ম্যাসন রবার্টসনের মত ডিফেন্ডার যারা থ্রেট হয়ে উঠতে পারে কোলাডো বা জবির জন্য। এখনও অবধি কাশ্মীরের দলটা মাত্র পাঁচ গোল হজম করেছে আই লিগে। সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিশেষ গুরুত্ব দিতে চাইলেন না আলেজান্দ্রো। বরং জানালেন, নিজের দল নিয়েই তিনি বেশি ভাবছেন।

তবে ম্যাচের আগেরদিন সকালে অনুশীলনে যথেষ্ট চনমনে এবং ইতিবাচক লাল-হলুদ। টানা তিনটে জয় যেন চনমনে করে তুলেছে দলটাকে। অনুশীলনে প্রচন্ড ছুটল আলেজান্দ্রোর ছেলেরা। নোদারের তত্ত্বাবধানে ফিজিক্যাল ট্রেনিং, পাসিং ফুটবলের পর দুই দলে ভাগ হয়ে চলল ম্যাচ। ঘোষণা মত এদিনে অনুশীলনে নামলেন দিল্লি ডায়নামোস থেকে আসা সেইমিনমাং মানচোং।
আর কাশ্মীর বধের ব্লু-প্রিন্ট ছকে লাল-হলুদের স্প্যানিশ কোচ জানালেন, ‘ম্যাচটা কঠিন। জিতে লিগ শীর্ষে যেতে চাইবে ওরাও। তাই আমাদের সতর্ক থাকতে হবে। তবে তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী আমরাও।’ আর বছর শেষে তিন পয়েন্টই যে হবে সমর্থকদের জন্য সেরা উপহার জানিয়ে গেলেন আলেজান্দ্রো।
The post ‘রিয়াল’ চ্যালেঞ্জের আগে চনমনে লাল-হলুদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2VcOiDW
via IFTTT
Comments
Post a Comment