বাস্তবের ‘সুই-ধাগা’-য় জুড়ছে ওদের জীবন

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: সুঁচ-সুতো, একটি ওদের জীবনের বাধা। অপরটি দিয়ে জীবনের ছিঁড়ে যাওয়া তারগুলিকে বেঁধে ফেলা যায়। ঠিক যেন সেটাই চেষ্টা করছে ওঁরা। সূচ যখন ক্ষতবিক্ষত করেছে ওদের জীবনকে তখনই সুঁচ দিয়ে জোড়া লাগানোর চেষ্টায় নেমে পড়েছে সাজিদা, রেহানারা। সৌজন্যে ‘স্বপ্নছায়া’।

ওঁরা মহানগরের নগরকীর্তন থেকে বেশ কিছুটা দূরে থাকে। শহরের দৌড় ঝাঁপ খুব কাছে তবু অনেকটা দূরে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে যখন নারী স্বাধীনতার দাবি উঠছে সেই দাবির আওয়াজ ওদের কাছে পৌঁছেও পৌঁছয় না। দক্ষিণ ২৪ পরগণার আমগাছিয়া এমনই একটি গ্রাম। সেখানেই ওদের বাস। সাজিদারা জানাচ্ছে ওঁরা সবসময়য়েই চেয়েছে জীবনটাকে নিজের মতো করে বাঁচতে। কিন্তু কাঙ্খিত জীবন দূরেই থেকেছে। আশার আলো দেখা শুরু ‘স্বপ্নছায়ার’ হাত ধরে।

বছর দুয়েক ধরে দশ বারো জন নিম্নবিত্ত পরিবারের মহিলাকে স্বনির্ভর হতে শেখানোর ভার নিয়েছে। আপাতত হাতিয়ার সুঁচ এবং সুতো। আসলে সেলাইয়ের কাজ শিখিয়ে ওদের নিজের পায়ে দাঁড়ানোর জমি গড়ে দেওয়ার চেষ্টা করছে এই স্বেচ্ছাসেবী সংস্থা। সুযোগকে লুফে নিয়েছে রেহানারা। ‘স্বপ্নছোঁয়া’র কিনে দেওয়া কাপড় সেলাই করে তৈরি করছে পাজামা, কুর্তি, সালোয়ার, কামিজ। সঙ্গে চলছে প্রশিক্ষণ।

রেহানা বলেন, “শুধু মাত্র বাড়ির কাজ করতে চাইনি। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ছিল। সুযোগ ছিল। দিদিরা আমাদের সেই পথ দেখিয়েছে। সপ্তাহের শেষে দুই দিন করে সেলাই শিখিয়েছেন। শিখে নিয়ে এখন আমরা নানারকম জামা , কাপড় তৈরি করছি। ভবিষ্যতে নিজস্ব টেলারিং বিজনেস করার পরিকল্পনা রয়েছে।” সাজিদা বলেন, “আমাদের বাড়ি থেকেই সবাই আমাকে উৎসাহ জাগিয়েছে। যার জন্য আমার কাজ করতেও সুবিধা হচ্ছে।” ওদের জন্যই যোধপুর পার্কের নারী শিক্ষা সদনে একটি প্রদর্শনীর আয়োজন করেছিল ‘স্বপ্নছায়া’। সেখানে যেমন দুঃস্থ মহিলারা তাদের হাতে তৈরি জিনিস বিক্রি করছেন। তেমনই শহরের স্বনির্ভর মহিলারাও এসেছেন তাঁদের বিভিন্ন জিনিসের পসরা নিয়ে। কেউ এনেছেন শাড়ি, কেউবা এসেছেন বিভিন্ন ধরনের সাজের জিনিস থেকে শুরু করে হাতে তৈরি ব্যাগ নিয়ে।

সংস্থার কর্ণধার গোপা ভট্টাচার্য বলেন, “আমি বছর দুয়েক আগে ইংলিশ মিডিয়ামের পড়ুয়াদের সঙ্গে গ্রামের দুঃস্থ শিশুদের নিয়ে একটা ইংরেজিতে নাটক পরিবেশন করিয়েছিলাম। তখনই প্রমাণ পেয়েছিলাম গরীব, অবস্থাপন্ন এই মাপকাঠিগুলো আমাদের তৈরি। মানুষকে ঠিক দিখে চালনা করতে পারলে সবাই সমান। সেই চেষ্টাই আরও একবার করলাম এই প্রদর্শনীর মাধ্যমে। আমার শিক্ষানবিশ মেয়েদের সঙ্গে শহরের মেয়েরা এক আসনে বসে কিছু করার চেষ্টা করছে। সবাই এক সেটা আবারও প্রমাণ হবে। এটা আমার বিশ্বাস।”

একইসঙ্গে তিনি বলেন, “ওদের আত্মবিশ্বাস বাড়বে। এখান থেকে যা বিক্রি হবে, হবে। বাকিটা আমাদের দায়িত্ব কিভাবে বাকিগুলোও বিক্রি করা যায়।”


আপাতত সেলাইয়ের কাজই শেখাচ্ছে স্বপ্নছোঁয়া, পরে ‘অরগ্যানিক ফুড’ নিয়েও এমনই কাজ করার পরিকল্পনা রয়েছে। স্বনির্ভর হওয়ার পাশাপাশি দুঃস্থদের স্বাস্থ্য সচেতনতা এবং শিক্ষার দিকটাও দেখছেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা।

The post বাস্তবের ‘সুই-ধাগা’-য় জুড়ছে ওদের জীবন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2BEnP9A
via IFTTT

Comments