ভারতে ঢুকতে পারলেন না, বিমানবন্দর থেকে ফেরত গেলেন বিদেশী সাংবাদিক

নয়াদিল্লি: দেশের আইনের উর্ধ্বে নন বিদেশীরা৷ ভারতে আসতে গেলে তাদেরও মানতে হবে নিয়ম কানুন৷ না হলে পড়তে হবে শাস্তির মুখে৷ সম্প্রতি রয়টার্সের এক সাংবাদিক ভিসা নিয়মনীতি না মানায় তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় বিদেশমন্ত্রক৷ দিল্লি বিমানবন্দর থেকে তাঁকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়৷ এই ঘটনা বিদেশীদের আরও সতর্ক করবে এবং তাদের কাছে আইন মেনে চলার একটা বার্তা পৌঁছে যাবে বলে মনে করছে স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকেরা৷

রয়টার্সের সাংবাদিকের প্রসঙ্গ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিকের মন্তব্য, ‘‘সবাইকে আইন মেনে চলতে হবে৷ নিয়ম না মানলে আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ ঠিক যেমন কোনও ভারতীয় বিদেশে গিয়ে সেই দেশের নিয়ম মানতে বাধ্য৷ নিয়ম না মানলে সেই দেশের আইন অনুযায়ী তাঁকেও শাস্তির মুখে পড়তে হয়৷’’ ঘটনা হল পুলিৎজার পুরস্কারে সম্মানিত আইরিশ সাংবাদিক প্রয়োজনীয় অনুমতি ছাড়া জম্মু কাশ্মীরের নিষিদ্ধ ও সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েছিলেন৷ তারপর কাজের সূত্রে তিনি বাইরে যান৷ দিল্লি বিমানবন্দরে নামার পরই তাঁকে দেশে আর ঢুকতে দেওয়া হয়নি৷ নিজের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়৷

বিদেশী সাংবাদিকদের তিনমাসের ভিসা দেওয়া হয়৷ বিশেষ বিশেষ ক্ষেত্রে সিঙ্গল ও ডবল এন্ট্রির ক্ষেত্রে ছ’মাসের ভিসাও দেওয়া হয়৷ চলতি বছর মে মাসে কয়েকটি নির্দিষ্ট জায়গায় বিদেশী সাংবাদিকদের আগাম অনুমতি নেওয়ার কথা বলা হয়৷ এর মধ্যে ছিল অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, সিকিম, উত্তরাখণ্ড এবং হিমাচল ও রাজস্থানের কিছু অংশ৷ সেই নিয়ম মানেননি অভিযুক্ত সাংবাদিক৷

স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তের পর বার্তাটি অত্যন্ত পরিস্কার৷ সম্মানীয় পুরস্কারে পুরস্কৃত করার অর্থ এই নয় যে দেশের আইন না মেনে চলার লাইসেন্স পেয়ে গিয়েছেন তিনি৷ ওই আধিকারিক জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিদেশী সাংবাদিকদের ভারতের আইন সম্পর্কে অবগত করা হয়ে থাকে৷ তাছাড়া কিছু স্পর্শকাতর এলাকায় যাওয়ার আগে তাদেরও অনুমতি নেওয়া প্রয়োজন৷ এতে সরকারের কাছে সব রেকর্ড থাকে৷ কেউ আইন না মানলে প্রশাসন ব্যবস্থা নিতে বাধ্য৷

The post ভারতে ঢুকতে পারলেন না, বিমানবন্দর থেকে ফেরত গেলেন বিদেশী সাংবাদিক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RkJTzM
via IFTTT

Comments