ভাইপোর পর লোকসভায় প্রার্থী হতে পারেন এবার মমতার ভাই

স্টাফ রিপোর্টার, কলকাতা: ভাইপোর পর ভাই! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার ঘাসফুলের প্রতীকে লড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, লোকসভা নির্বাচনে হাওড়ার(শহর)একটি কেন্দ্র থেকে প্রার্থী হতে তৎপর তিনি৷

২০১৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাংসদ হওয়ার পর অভিষেকের কেরিয়ার গ্রাফ যেভাবে হু হু করে বেড়েছে সেটা সকলেরই জানা৷ তিনিই এখন দলের সেকেন্ড-ইন-কম্যান্ড৷ তৃণমূল কংগ্রেসের ভাবী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী৷ সূত্রের খবর, এবার মুখ্যমন্ত্রী ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়কেও ভোটের ময়দানে দেখা যাবে৷ বর্তমানে মোহনবাগান দলের ফুটবল সচিব৷ তবে এটাও জানা যাচ্ছে, বাবুন নিজে থেকেই নাকি ভোটে দাঁড়ানো ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন৷

উল্লেখ্য, এতদিন দিদির খাসতালুক দক্ষিণ কলকাতাতেই খেলা, রক্তদান শিবির সংক্রান্ত নানান কর্মসূচীর আয়োজন করতে দেখা যেত বাবুন বন্দ্যোপাধ্যায়৷ ইদানীং হাওড়াতেও এই ধরণের কর্মসূচীর আয়োজন করছেন তিনি৷ তৃণমূল শিবিরে গুঞ্জন, ক্রীড়াবিদ-সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে হটিয়েই বাবুন প্রার্থী হতে উঠেপড়ে লেগেছেন৷ এব্যাপারে প্রতিক্রিয়া জানতে তাঁকে ১৫ ডিসেম্বর প্রথম ফোন করা হয়৷ তিনি কিন্তু বিষয়টি অস্বীকার করেননি৷ বরং বলেছেন, “ডার্বি নিয়ে খুব ব্যস্ত আছি৷ ১৭-১৮ তারিখের পর ফোন করুন৷ তখন কথা বলব”৷ যদিও পরে ফোন করা হলে তিনি আর ফোন ধরেননি৷

এব্যাপারে হাওড়া জেলা সভাপতি অরূপ রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি শুধু বলেন, এব্যাপারে আমার কাছে কোনও খবর নেই৷ নাম প্রকাশ্যে অনিচ্ছুক হাওড়ার এক তৃণমূল নেতার কথায়, “ইচ্ছে তো অনেকের অনেক কিছুই হতে পারে৷ কিন্ত মনে রাখতে হবে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়৷তাই তিনি যতক্ষণ না চূড়ান্ত ঘোষণা করছেন ততক্ষণ কোনও কিছুই ফাইনাল নয়৷”

The post ভাইপোর পর লোকসভায় প্রার্থী হতে পারেন এবার মমতার ভাই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2TbG1yd
via IFTTT

Comments