রাস্তার মোড়ে চালকদের চা খাওয়াচ্ছে পুলিশ!

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: পর্যটন মরশুমের শুরুতেই জেলায় আসা পর্যটকদের বাড়তি নিরাপত্তা দিতে উদ্যোগী হলো বাঁকুড়া জেলা পুলিশ। জেলার প্রতিটি থানা এলাকার গুরুত্বপূর্ণ মোড় গুলিতে পুলিশ আধিকারিকরা এই কনকনে শীতের রাতেও ঠায় দাঁড়িয়ে থাকছেন।

ধলডাঙ্গা মোড়ে বাঁকুড়া সদর থানার পক্ষ থেকে বিশেষ শিবির করে প্রতিটি গাড়ি চালকের জন্য চায়ের ব্যবস্থা করা হয়েছে। যাতে পর্যটকদের নিয়ে দীর্ঘপথ গাড়ি চালিয়ে যাওয়ার পথে সংশ্লিষ্ট চালকের চোখে ঘুম না চলে আসে। রাস্তায় এই গরম চা সেই কাজটা অনেকটাই করবে। একই সঙ্গে পর্যটকবাহি কোনও গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা তা পরীক্ষা করে দেখার পাশাপাশি যাত্রী সুরক্ষার বিষয়টি কতটা মানা হচ্ছে সেবিষয়েও পুলিশের পক্ষ থেকে কড়া নজর রাখা হচ্ছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্প চালুর পর এই জেলায় দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমানো সম্ভব হয়েছে। ফি বছর চলতি পর্যটন মরশুমে সাধারণভাবে দুর্ঘটনা সংখ্যা বেড়ে যায়। আর তা আটকাতেই পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ বলে জানা গিয়েছে৷

জেলা পুলিশ সূত্রে খবর, চলতি পর্যটন মরশুমে প্রতিদিন রাতে জেলার পর্যটন কেন্দ্রগুলি থেকে যাওয়ার মূল কেন্দ্রগুলিতে সারা রাত ধরে পুলিশের বিশেষ টিম উপস্থিত থেকে পর্যটকবাহি গাড়ি গুলির উপর নজরদারি চালাবে। জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গা মোড়, পুয়াবাগান, হেবির মোড়, মেজিয়া, বিষ্ণুপুর, খাতড়া, রানীবাঁধের আকখুটা, রাইপুর, সিমলাপাল সহ মূল রাস্তা ও মোড়ে পুলিশি টহলদারি চলবে।

এইভাবে পুলিশের ধারাবাহিক নজরদারি চললে চলতি পর্যটন মরশুমে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। বাঁকুড়া জেলা পুলিশের অভিনব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটক থেকে সাধারণ মানুষ সকলেই।

পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক ও গাড়ির চালক সবাই। ধলডাঙ্গার বাসিন্দা শীতল আচার্য্য বলেন, বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গা মোড় এমন একটা জায়গা, যেখান থেকে জেলা বা রাজ্যের সব পর্যটন কেন্দ্র যাওয়া যায়। ফলে এই শীতের সঠিক জায়গা নির্বাচন করে পুলিশের পক্ষ থেকে ভালো উদ্যোগ নেওয়া হয়েছে।

গাড়ির চালক মোহাম্মদ সিরাজ বলেন, পর্যটকদের নিয়ে পুরী যাচ্ছি। বাঁকুড়া জেলা পুলিশ আর সবার মতো আমাকেও এখানে আটকে মদ খেয়েছি কিনা পরীক্ষা করলো। সাথে ঠাণ্ডার রাতে গরম চা। খুব ভালো উদ্যোগ নিয়েছেন তারা বলে তিনি জানান।

সারা রাত ধলডাঙ্গা মোড়ে এই কাজে নেতৃত্ব দিলেন জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও। তিনি বলেন, এই শীতের সময় জেলা, রাজ্য ও দেশের বিভিন্ন অংশে মানুষ বেড়াতে যান। অনেক সময় গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালান। তা বন্ধ করতে সব চালককে পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি সকলের জন্য পুলিশের পক্ষ থেকে চা-জলের ব্যবস্থা রাখা হয়েছে। এই ধরণের পুলিশি উদ্যোগ জেলার বিভিন্ন অংশে চলছে। একই সঙ্গে এই কাজ চলতি পর্যটন মরশুমে ধারাবাহিকভাবে চলবে বলেও পুলিশ সুপার জানান।

The post রাস্তার মোড়ে চালকদের চা খাওয়াচ্ছে পুলিশ! appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EJeoIV
via IFTTT

Comments