রণডিহা জলাধারের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
তিমিরকান্তি পতি, বাঁকুড়া: শীতের শুরুতেই পরিযায়ী পর্যটকদের সংখ্যা বাড়তে শুরু করেছে বাঁকুড়ার পর্যটন কেন্দ্র গুলিতে। দক্ষিণ বাঁকুড়ার মুকুটমনিপুরের মতো অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর বিশালাকার জলরাশির টানে সোনামুখীর রাধামোহনপুর এলাকার রণডিহা জলাধারেও চলতি পর্যটন মরশুমে পর্যটকদের সংখ্যা প্রতিদিন বাড়তে শুরু করেছে।

মূলত সেচের জল ধরে রাখার উদ্দেশ্যেই ডিভিসির উদ্যোগে সোনামুখীর এই এলাকায় দামোদর নদীতে বাঁধ দেওয়া হয়। এক দিকে সেচের সুবিধা যেমন পাচ্ছেন এক বড় অংশের মানুষ৷ তেমনি দামোদর নদীর এই জলাধারকে কেন্দ্র করেই বাড়ছে পর্যটকের সংখ্যা। বাঁকুড়ার গণ্ডী ছাড়িয়ে এখন পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান এমনকি পাশের রাজ্যগুলি থেকেও বেড়াতে আসার পাশাপাশি পিকনিক করার উদ্দেশ্যেই এখানে সিংহভাগ মানুষ আসেন। কিন্তু এতো সবের পরেও রণডিহা জলাধারে নিরাপত্তার কড়াকড়ি না থাকায় প্রশাসনিক উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এখানে আসা পর্যটকদের একটা অংশ অ্যাডভেঞ্চারের নেশায় এই জলাধারের সু-উচ্চ গেটে উঠে পড়ছেন। এই কাজে ছোটো-বড় কোন বাছবিচার নেই। নিরাপত্তার কোন ব্যবস্থা না থাকায় যখন তখন যে খুশি উঠে পড়ছেন জলাধারের গেটে। এরফলে যেকোনো সময় একটা দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। এই ধরণের নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন তুলছেন শুভবুদ্ধি সম্পন্ন পর্যটকদের একাংশ।

রণডিহা জলাধারে পিকনিক করতে আসা বাঁকুড়ার ধূলাই এলাকার সৌমেন মণ্ডল জানান, এখানে এই সমস্যা দীর্ঘদিনের। প্রায় প্রতি বছরই এখানে আসি। আর এই এক ছবি প্রতিবার দেখা যায়। জীবনের ঝুঁকি নিয়ে জলাধারের গেটে উঠে পড়া অতি উৎসাহী পর্যটকদের বিরুদ্ধে প্রশাসনের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। অন্য আর এক পর্যটক সহদেব রায় জানান, বিপদ তো আর বলে কয়ে আসেনা। এই অবস্থায় বিপদ যেকোনো সময় হতে পারে। সংশ্লিষ্ট পর্যটকদের যেমন এবিষয়ে সচেতন হওয়া জরুরি তেমনি প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি বলেও তিনি মনে করেন।

এই বিষয়ে সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি জানান, এখনও পর্যন্ত তেমন কোন খবর নেই। এটা ঠিক প্রতিবছর রণডিহা জলাধারে পর্যটকদের সংখ্যা বাড়ছে। অবাঞ্ছিত ঘটনা এড়াতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু এই জলাধার ডিভিসি কর্তৃপক্ষ দেখাশোনা করে৷ তাই নিরাপত্তা বাড়াতে তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে তিনি জানান।
The post রণডিহা জলাধারের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2C7eXLa
via IFTTT
Comments
Post a Comment