বিরাটের ব্রেকড্যান্স ভাইরাল অ্যাডিলেডে!
অ্যাডিলেড: পরিণত বিরাট জানাচ্ছেন প্রথম দুই অস্ট্রেলিয়া সফরের থেকে এখন অনেক পরিণত তিনি। অতীতে সীমা লঙ্ঘন করলেও এখন ভারত অধিনায়ক জানেন কোথায় থামতে হবে তাঁকে। এপ্রসঙ্গে বিরাটের আরও সংযোজন, ‘অতীতে তাঁর ব্যক্তিগত লক্ষ্য প্রাথমিক চাহিদা হলেও এখন দলের জয়ই সবচেয়ে মূল্যবান তাঁর কাছে।’
তবে নিজেই নিজের সীমা বেঁধে দিলেও মাঠে তাঁর আগ্রাসন রয়ে গিয়েছে আগের মতই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ভারত অধিনায়কের সেই আগ্রাসন লক্ষ্য করেছেন ক্রিকেটপ্রেমীরা। আর তৃতীয়দিন প্রথম সেশনে বৃষ্টিবিঘ্নিত অ্যাডিলেড মজল বিরাটের ব্রেকড্যান্সে। মাঠে তিনি যে একজন ‘রিয়েল এন্টারটেইনার’ তা ফের একবার বুঝিয়ে দিলেন বছর তিরিশের ‘দিল্লি বয়’।
তৃতীয় দিন প্রথম সেশনে স্লিপে ফিল্ডিংরত অবস্থায় হঠাৎই শরীর দোলাতে দেখা গেল ভারত অধিনায়ককে। একঝলকে বিরাটের সেই ব্রেকড্যান্স দেখলে মন হতেই পারে কোনও প্রোফেশনাল ড্যান্সার বুঝি ভুল করে নেমে পড়েছেন বাইশ গজে। বিষয়টি নজর এড়ায়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার। বিরাটের ব্রেকড্যান্সের সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করে নিজেদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর পোস্ট হতেই ভাইরাল মাঠে ভারত অধিনায়কের সেই নাচ। দ্বিতীয় দিনই অ্যাডিলেডের গ্যালারিতে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি অনুষ্কা শর্মাকে। এরপর তৃতীয় দিন ফিল্ডিং চলাকালীন বিরাটের এই নাচ আডিলেড টেস্টের উত্তেজনায় যে আলাদা মাত্রা যোগ করল, তা বলাই বাহুল্য।

এদিকে বোলারদের দুরন্ত পারফর্ম্যান্সে তৃতীয় দিন প্রথম সেশনে প্রথম ইনিংসে ১৫ রানের মূল্যবান লিড নেয় টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিন অশ্বিনের স্পিন ভেল্কি, পাশাপাশি বুমরাহ-ঈশান্তের পেস অ্যাটাকে সাত উইকেটে ১৯১ রানে শেষ করে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন ভারতীয় বোলারদের লক্ষ্য ছিল দ্রুত তিন উইকেট তুলে নিয়ে প্রথম ইনিংসে লিড নেওয়া। বৃষ্টিবিঘ্নিত অ্যাডিলেডে তৃতীয়দিন প্রথম সেশনে সেই লক্ষ্যে সফল ভারতীয় বোলাররা। এদিন স্কোরবোর্ডে ৪৪ রান যোগ করে বাকি তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। তৃতীয়দিন বুমরাহ একটি এবং শামির ঝুলিতে আসে জোড়া উইকেট। ৭২ রানে ট্রেভিস হেডকে ফেরান বঙ্গ পেসার।

১৫ রানে এগিয়ে থেকে মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই করেন দুই ওপেনার মুরলি বিজয় এবং লোকেশ রাহুল। কিন্তু দলীয় ৬৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। ব্যক্তিগত ১৮ রানে বিজয় প্যাভিলিয়নে ফিরলেও প্রতিবেদন লেখা অবধি অর্ধশতরানের দোরগোড়ায় ব্যাট করছেন রাহুল। সঙ্গী প্রথম ইনিংসের নায়ক পূজারা। ভারতের রান এই মুহূর্তে এক উইকেট হারিয়ে ৭৫।
দেখে নিন বিরাটের নাচে সেই ভিডিও:
https://twitter.com/cricketcomau/status/1071224976726876160
The post বিরাটের ব্রেকড্যান্স ভাইরাল অ্যাডিলেডে! appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BYfE9i
via IFTTT
Comments
Post a Comment