পিঠের ব্যাথায় সংশয়ে কোহলির মাঠে নামা

মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে পূজারা ও বিরাটের ব্যাটে বড় রান তুলেছে ভারত৷ কিন্তু এমসিজি-তে তৃতীয় দিনে মাঠে নামা অনিশ্চিত ভারত অধিনায়কের৷ যদিও চেতেশ্বর পূজারার বক্তব্য, বিরাটের চোট গুরুতর নয়৷

পূজারার ১৭তম সেঞ্চুরি ও কোহলির ৮২ রানের ইনিংসে ভর করে মেলবোর্ন টেস্টে চালকের আসনে ভারত৷ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের সায়াহ্নে সাত উইকেটে ৪৪৩ রান তুলে ইনিংস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ভারত অধিনায়কের৷ রান তাড়া করতে নেমে দ্বিতীয় দিনের শেষে কোনও উইকেট না-হারিয়ে ৮ রান তুলেছে অস্ট্রেলিয়া৷

এদিন বিরাটের ব্যাটে সেঞ্চুরি অধরা হলেও বক্সিং ডে টেস্টে ৮২ রানের ইনিংস খেলার পথে রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলেছেন বিরাট৷ এক ক্যলেন্ডার বর্ষে দেশের বাইরে সব থেকে বেশি রান করা ভারতীয় ক্রিকেটারে হিসেবে উঠে এলেন কোহলি৷ পারথ টেস্টের পর চলতি বছরে বিদেশের মাটিতে কোহলির টেস্ট রান ছিল ১০৬৫৷ আর ২০০২ সালে বিদেশের মাঠে টেস্টে ১১৩৭ রান করেছিলেন দ্রাবিড়৷ অর্থাৎ ‘দ্য ওয়াল’-কে টপকাতে কোহলির দরকার ছিল ৭৩ রান৷ এদিন লাঞ্চের পরেই দ্রাবিড়কে টপকে যান কোহলি৷

তবে এদিন ইনিংসের মাঝে পিঠে ব্যাথ্যায় কাতরাতে দেখা যায় কোহলিকে৷ ভারতীয় ইনিংসের ১২২ তম ওভারের আগে মাঠে নামতে হয় টিম ইন্ডিয়ার ফিজিও প্যাটট্রিক ফারহাতকে৷ পরে অবশ্য ফিজিওর পরামর্শে ব্যাট করে যান ভারত অধিনায়ক৷ কিন্তু ব্যক্তিগত ৮২ রানে মিচের স্টার্কের বলে থার্ডম্যানে অ্যারন ফিঞ্চের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন বিরাট৷ তৃতীয় উইকেটে পূজারার সঙ্গে ১৭০ রানের পার্টনারশিপ গড়েন কোহলি৷

দিনের শেষে সাংবাদিক বৈঠকে বিরাটের চোট নিয়ে পূজারাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার মনে হয় না চোট গুরুতর বলে৷ তবে আমি ফিজিও নয়, সুতরাং আমার পক্ষে কোনও কিছু বলা সম্ভব নয়৷’ চলতি বছরে চোটের কারণে একটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে বিরাটকে৷ এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার পিঠের সমস্যা দেখা দিল কোহলির৷ জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও পিঠের ব্যাথ্যার সমস্যা দেখা দিয়েছিল ভারত অধিনায়কের৷

২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে ক্রিকেটারের ফিটনেস ইস্যুকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷ বিশেষ করে ক্যাপ্টেন কোহলির ফিটনেস মনিটারিং করা হচ্ছে৷ কারণ ২০১৯ আইপিএলের পরই ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে বসছে বিশ্বকাপের আসর৷

The post পিঠের ব্যাথায় সংশয়ে কোহলির মাঠে নামা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EMRznU
via IFTTT

Comments