পুর পরিষেবার সঙ্গে ফ্রি আইনি পরামর্শ! প্রচারে প্রতিশ্রুতি ববির প্রতিদ্বন্দ্বীর

দেবযানী সরকার, কলকাতা: ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’- পণ্যায়নের বাজারে এটা বহুল প্রচারিত বাক্য৷ এবার পুরভোটেও তার ছোঁয়া লাগল৷ ব্যক্তিগত প্রয়োজনে আইনি পরামর্শ নিতে গেলে অনেকেই কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করেন৷ কিন্তু একবার আইনজীবী প্রার্থীকে ভোটে জিতিয়ে দিলেই কেল্লা ফতে৷ সেটাও এবার মিলবে এক্কেবারে বিনামূল্যে৷ সঙ্গে পুর পরিষেবা-তো আছেই৷ বাড়ি বাড়ি প্রচারে গিয়ে এমনই প্রতিশ্রুতি দিচ্ছেন ৮২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী অনিমেষ ভট্টাচার্য৷

পেশায় হাইকোর্টের আইনজীবী অনিমেষ ভট্টাচার্য৷ ওকালতির পাশাপাশি দীর্ঘদিন ধরেই কংগ্রেসি রাজনীতি ময়দানে তিনি৷ তবে বছর ৪৬-এর অনিমেষবাবু এই প্রথম ভোটের লড়াইয়ে৷ প্রতিপক্ষ ফিরহাদ হাকিম৷ যিনি একই সঙ্গে শাসকদলের মেয়র প্রার্থী এবং মন্ত্রী৷ প্রথমেই হেভিওয়েট প্রতিপক্ষের মুখোমুখি তিনি৷

তবে রাজনৈতিক প্রতিপক্ষ অনিমেষ ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফিরহাদ হাকিমকে হেভিওয়েট মানতে নারাজ৷ তাঁর বক্তব্য, ‘‘এটা সংবাদ মাধ্যমের তৈরি করা শব্দ৷ যদি ববি হাকিম হেভিওয়েট হন তাহলে আমিও হেভিওয়েট৷’’ আর সেই আত্মবিশ্বাস নিয়েই সকাল, সন্ধ্যায় প্রচারে করছেন এই কংগ্রেস প্রার্থী৷

আরও পড়ুন: ধর্মনিরপেক্ষতার স্বার্থে আলিগড় বিশ্ববিদ্যালয়ে মন্দির নির্মাণের দাবি

 

গতবার এই ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী ৯০০-র কাছাকাছি ভোট পেয়েছিলেন৷ আর তৃণমূল প্রার্থী প্রণব বিশ্বাস জিতেছিলেন ১২ হাজার ভোটে৷ অঙ্কের হিসাবে ভোটের এই বিশাল ফারাক নিয়ে একেবারেই বিচলিত নন ৮৮-এর কংগ্রেস প্রার্থী অনিমেষবাবু৷ স্থানীয় বাসিন্দাদের কাছে গিয়ে বলছেন, ‘‘আমাকে ভোট দিলে এলাকায় ফুল টাইম পাবেন৷ সেইসঙ্গে আমি আপনাদের সবসময় আইনি সহয়তা দিয়ে সাহায্য করব৷’’ বছরের শেষে ভোটারদের এই অভিনব অফার তাঁর৷

আরও পড়ুন: লোকসভা নির্বাচনের আগেই সার্জিকাল স্ট্রাইক চালাতে পারেন মোদী, আশঙ্কায় পাকিস্তান

শনিবার সকালে চেতলা পার্ক থেকে প্রচার করেন কংগ্রেস প্রার্থী৷ বিনামূল্যে আইনি পরামর্শের সঙ্গেই প্রচারে হাত শিবিরের হাতিয়ার ‘স্বচ্ছতা’৷ জেলা সভপতি প্রদীপ প্রসাদ বলেন, “আমাদের প্রার্থী-তো বটেই দলের কোনও নেতার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ নেই৷ এর থেকে প্রচারের বড় অস্ত্র আর কী হতে পারে৷’’

প্রচারে বেড়িয়ে কংগ্রেসের লক্ষ্য কাঁটা দিয়ে কাঁটা তোলা৷ এক্ষেত্রে তাদের পুঁজি তৃণমূল নেত্রীর মন্তব্যই৷ প্রদীপ প্রসাদের কথায়, ‘‘প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কাছ থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পরিবেশ দফতর নিয়ে নিয়েছিলেন তখন তিনি বলেছিলেন, শোভনের পক্ষে একগুলো দফতর সঙ্গে মেয়র দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়ছে৷ তাই চাপ কমানো হল৷ তাহলে ফিরহাদ হাকিম কীভাবে মন্ত্রিত্ব সামলে মেয়রের দায়িত্ব সামলাবেন? শুনেছি অন্যরাজ্যেও তিনি নাকি দলের সংগঠনের দায়িত্বে রয়েছেন৷ এত কাজ করবেন কখন? বামেদের বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতো উনিও কী পার্ট টাইম মেয়র হয়ে থাকবেন? তাতে কলকাতাবাসীর কী লাভ?”

ববি হাকিমের বিরুদ্ধে প্রার্থী ঠিক করতে কালঘাম ছুটেছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্বের৷ দিদির ভাইয়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ‘হ্যাপা’ সেভাবে কেউই নিতে চাইছিল না৷ সেখানে অনিমেষবাবু প্রার্থী হওয়ার ঝুঁকিটা নিয়েইছেন৷ ভোট পরীক্ষার আগে অভিনব প্রতিশ্রুতিতে আলাদা নজর কাড়ছেন৷ কিন্তু তাতে ব্যালট বাক্স গরম হবে কী? স্বপ্ন দেখছেন কংগ্রেস নেতারা৷

The post পুর পরিষেবার সঙ্গে ফ্রি আইনি পরামর্শ! প্রচারে প্রতিশ্রুতি ববির প্রতিদ্বন্দ্বীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Tl4wJH
via IFTTT

Comments