পুলিশের তোলাবাজি রুখতে পুলিশেরই দাওয়াই, ডিজিটাল গাড়ি ঘুরবে জেলায়

স্টাফ রিপোর্টার, তমলুক: ক্রমশই বাড়ছে দুর্ঘটনা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ৷ তা রুখতে এবার জেলায় পথে নামল পুলিশ৷ দুর্ঘটনা এড়াতে রাজ্য সরকারের সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচিকে সাধারন মানুষের সামনে তুলে ধরে সচেতন করার চেষ্টা করছে পুলিশ৷

সেই কর্মসূচির জোরদার ও অভিনব প্রচার করতেই রাজ্য পরিবহণ দফতরের এই নয়া ভাবনা৷ এবার পথেঘাটে ঘুরে বেড়াবে ডিজিটাল গাড়ি। এ গাড়ি যেখানেই থামবে সেখানকার মানুষকে যেমন পথনিরাপত্তার বিষয়ে আধুনিক প্রচারের মাধ্যমে সচেতন করবে৷ তেমনই চলতে চলতে ক্যামেরাবন্দি করবে বেপরোয়া গাড়ির গতিপ্রকৃতি!

পুলিশের বিরুদ্ধে নাকা তল্লাশির নামে তোলাবাজির অভিযোগের সুরাহাও হবে এর মাধ্যমে, আশাবাদী জেলার পুলিশ কর্তারা৷ পুলিশ তোলাবাজি করলে সেই ছবিও এবার লেন্সবন্দি করবে পুলিশের এই প্রচার গাড়ি। সঙ্গে ভিডিও রেকর্ডও করবে। এখানেই শেষ নয়৷ সময়ে সময়ে আবহাওয়ার, উত্তাল সমুদ্রের পূর্বাভাসও প্রচার করবে এই গাড়ি। পরিচ্ছন্নতার পাঠও শেখাবে।

মূলত বিভিন্ন জাতীয় সড়ক, শিল্পাঞ্চল, পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াবে রাজ্য পুলিশের এই বিশেষ গাড়ি। রাজ্য পুলিশের তরফে বিভিন্ন জেলাকে দেওয়া হয়েছে এই গাড়ি। অনেকটা পিকআপ ভ্যানের মতো দেখতে এই গাড়িতে থাকছে আধুনিক মুভমেন্ট প্রযুক্ত অডিও-ভিস্যুয়াল সিস্টেম। ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ভেসে উঠবে পথ নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সাবধানতার বার্তা। সচেতনতার জন্য রাজ্য সরকারের তৈরি শর্টফিল্ম কিংবা প্রচার গানও চলবে।

গাড়িতে থাকছে জিপিএস সিস্টেম, বিশেষ মোবাইল সফটওয়্যার৷ চালু থাকবে ওয়াইফাই। যে এলাকায় গাড়ি থাকবে ওই এলাকার পারিপার্শ্বিক দৃশ্য ক্যামেরাবন্দি করবে ডিজিটাল ক্যামেরা। যা থানায় বসে মোবাইলের ডিসপ্লেতে দেখতে পাবেন পুলিশ আধিকারিকরা। ফলে পরিস্থিতি বুঝে পথে নামবে পুলিশও।

পূর্ব মেদিনীপুর জেলাতে ইতিমধ্যে এসে পৌঁছেছে পুলিশের এই বিশেষ প্রচার গাড়ি। ট্রাফিক বিভাগের পূর্ব মেদিনীপুরের ডিএসপি আমিনুল ইসলাম জানিয়েছেন, জনবহুল এলাকা হিসেবে প্রচারের জন্য দিঘা, শিল্পাঞ্চল হলদিয়ার ভবানীপুর, জেলার মধ্যভাগ চন্ডীপুর এবং ব্যস্ততম ৬ নম্বর জাতীয় সড়কের পাঁশকুড়া-মেচগ্রাম এলাকায় থাকবে এই ৪ টি প্রচার গাড়ি। পরিস্থিতি অনুযায়ী সময়ে সময়ে জেলার বিভিন্ন জায়গায়ও ঘুরে বেড়াবে। প্রতিটি গাড়িতে চালক ছাড়াও থাকবেন একজন করে সংশ্লিষ্ট থানা এলাকার এএসআই পদ মর্যাদার অফিসার।

দিনের শেষে নিজ নিজ থানা এলাকায় জমা করতে হবে সংগৃহীত রিপোর্ট। গাড়িতে বসানো আছে লেজার স্পিড গান। রাস্তায় চলতে চলতে অনিয়ন্ত্রিত গাড়ির যাবতীয় তথ্যও জমা পড়ে যাবে পুলিশের কাছে। ফলে পুলিশেরও সুবিধা হবে গতির পায়ে নিয়মের বেড়ি পরাতে।

The post পুলিশের তোলাবাজি রুখতে পুলিশেরই দাওয়াই, ডিজিটাল গাড়ি ঘুরবে জেলায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EiLpeM
via IFTTT

Comments