জেটলি জাদু, শরিক বিবাদ মিটিয়ে বিহারে আসন বণ্টন চূড়ান্ত এনডিএ’র
পাটনা: এনডিএ শিবির থেকে উপেন্দ্র কুশওয়াহা বেরিয়ে যাওয়ায় শিঁকে ছিড়ল রামবিলাস পাসোয়ানের ভাগ্যে৷ বিহারে নয়া আসন ভাগাভাগির ফর্মুলায় লাভবান হল লোকজনশক্তি পার্টি৷ ৪০টি লোকসভা আসনের মধ্যে রামবিলাস পাসোয়ানের দলকে ৬টি আসন ছাড়তে রাজি হয়েছেন অমিত শাহ ও নীতীশ কুমার৷ তবে বিজেপি ও জেডি(ইউ)র মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আগে যা সমঝোতা হয়েছিল সেটাই বহাল রাখা হয়েছে৷

এদিন প্রেস বিবৃতি জারি করে বিহারে এনডিএ’র চূড়ান্ত আসন রফার কথা জানানো হয়৷ আগেই ঠিক হয়েছিল বিহারে বিজেপি ও জেডি(ইউ) লড়বে সমসংখ্যক আসনে৷ অর্থাৎ ৪০টির মধ্যে দুই শিবির প্রত্যেকে ১৭টি আসনে লড়বে৷ বাকি ৬টি আসন ছাড়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানকে৷ সূত্রের খবর, প্রথমে এলজিপিকে এত আসন ছাড়তে রাজি ছিল না গেরুয়া শিবির৷ কিন্তু বিহারে যেভাবে রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে তাতে শরিকদলগুলির দাবি মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না বিজেপিরও৷
তবে এই আসনরফার কাজ এত মসৃণভাবে হয়নি৷ কয়েকমাস আগে বিহারে এসে আসনরফা একপ্রকার চূড়ান্ত করে গিয়েছিলেন অমিত শাহ৷ সেই আসন ফর্মুলা পছন্দ হয়নি কুশওয়াহা ও পাসোয়ানের৷ কারণ দুই নেতাকে তিনটি করে আসন ছাড়া হয়েছিল৷ কুশওয়াহা তখনও এনডিএ শিবিরেই ছিলেন৷ বিহারে আরও আসনের দাবিতে বিজেপির সঙ্গে শুরু হয় দরকষাকষি৷ কিন্তু ইতিবাচক সাড়া না মেলায় শেষমেশ এনডিএ শিবির থেকে বেরিয়ে বিজেপি বিরোধী জোটে যোগ দেন৷ অপরদিকে পাসোয়ানও বিজেপি বিরোধী জোটের দিকে ঝুঁকে পড়ছিলেন৷

বিহারে শরিক সমস্যা থেকে দলকে বাঁচাতে ময়দানে নামানো হয় অরুণ জেটলিকে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দলের নেতাদের সম্পর্ক খুব ভালো৷ সেই সুসম্পর্ককে কাজে লাগান জেটলি৷ পাসোয়ান ও তাঁর ছেলে চিরাগের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসেন তিনি৷ আলোচনার পর রামবিলাসকে আরও তিনটি আসন ছাড়তে রাজি হয়ে যায় বিজেপি৷ বিহারে দলিতদের উপর এলজিপি’র প্রভাব রয়েছে৷ সেই প্রভাবকে কাজে লাগাতে চায় গেরুয়া শিবির৷
The post জেটলি জাদু, শরিক বিবাদ মিটিয়ে বিহারে আসন বণ্টন চূড়ান্ত এনডিএ’র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2T7SOlA
via IFTTT
Comments
Post a Comment