১০০ জন মহিলাকে ‘তিন তালাক প্রমুখ’ নিয়োগ করবে বিজেপি

লখনউ: তিন তালাক প্রধান বা প্রমুখ হিসাবে ১০০ জন মহিলা নিয়োগ করবে উত্তরপ্রদেশ বিজেপি৷ শরিয়ত আইন নিয়ে পড়াশোনা করা শিক্ষিত মুসলিম মহিলাদের নিয়োগ করা হবে তিন তালাক প্রমুখ হিসাবে৷ তিন তালাকের শিকার মহিলাদের জীবনে পরিবর্তন আনাই হবে তাদের কাজ৷

উত্তরপ্রদেশ বিজেপির সংখ্যালঘু শাখার সম্পাদক নাজিয়া আলমকে তিন তালাক প্রমুখ নিয়োগ করার দায়িত্ব দেওয়া হয়েছে৷ রাজ্যের ছ’টি আঞ্চলিক শাখা ও ৯৩টি জেলাভিত্তিক সংগঠনে এই নতুন পদ তৈরি করা হবে৷ নাজিয়া আলম জানিয়েছেন, প্রতিটি জেলাভিত্তিক সংগঠন ও আঞ্চলিক শাখায় একজন করে তিন তালাক প্রমুখ থাকবেন৷ তিন তালাকের শিকার কয়েকজন মহিলাকে নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে৷ লক্ষ্য সমাজ থেকে এই কুপ্রথাকে চিরতরে মুছে ফেলা৷

রাজ্যে তিন তালাকের শিকার মহিলার সংখ্যা জানতে করা হবে একটি সমীক্ষা৷ কারণ সরকারের কাছে তালাকপ্রাপ্ত মহিলার সংখ্যা নিয়ে কোনও তথ্য নেই৷ তাই সমীক্ষার মাধ্যমে তাদের চিহ্নিত করা হবে৷  সমীক্ষায় জেলার সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে বেশি জোর দেওয়া হবে৷ প্রথম দফায় মুসলিম অধ্যুষিত রামপুর, শাহরানপুর, বৈরেলি, আলিগড়, মুজফফরপুরে হবে সমীক্ষা৷ দীপাবলির পরই এই সমীক্ষার কাজে নেমে পড়েছে তারা৷

তালাকপ্রাপ্ত মহিলাদের হিন্দিতে অনুবাদ করা কোরান বিলি করা হবে৷ তিন তালাক নিয়ে কোরানে কী বলা হয়েছে তা সেখান থেকে তারা জানতে পারবেন৷ ফলে ঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে শিখবেন৷ এছাড়া প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় তালাকপ্রাপ্ত মহিলাদের স্বনির্ভর করা হবে৷ বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে৷ পরবর্তীকালে জীবিকা উপার্জনের মাধ্যম হয়ে উঠবে সেই প্রশিক্ষণ৷

The post ১০০ জন মহিলাকে ‘তিন তালাক প্রমুখ’ নিয়োগ করবে বিজেপি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2AhDOKR
via IFTTT

Comments