হিলস-ফ্ল্যাটস পড়ল না কিছুই, বিগ ব্যাশে টস বিপত্তি

পারথ: ১৪১ বছরের ক্রিকেটীয় কৌলিন্য ভেঙে নয়া পন্থার শরিক হয়েছে বিগ ব্যাশ লিগ কর্তৃপক্ষ। হেড কিংবা টেলের বদলে হিলস অথবা ফ্ল্যাট। অর্থাৎ কয়েনের বদলে অস্ট্রেলীয় লিগে টসের মাধ্যম হয়ে উঠেছে ক্রিকেট ব্যাট। ঘোষণার পর থেকেই যা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। তবু বিতর্কের মধ্যে দিয়েই দিন সাতেক আগে ক্রিকেটবিশ্ব পরিচিত হয় নতুন এই টস ঘরানার সঙ্গে। আর টুর্নামেন্টের নবম ম্যাচে এসে বিগ ব্যাশ সাক্ষি থাকল এমন এক ঘটনার, যা আপনাকে মনে করাবে ব্লকব্লাস্টার ছবি শোলে’র সেই দৃশ্য।

বুধবার পারথের নবনির্মিত অপটাস স্টেডিয়ামে ছিল পারথ স্কর্চার্স বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের মধ্যে ম্যাচ। দিনকয়েক আগে এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়ে গিয়েছে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। কিন্তু এদিন ম্যাচ শুরুর আগে টস নিয়ে এমন অভিজ্ঞতার সাক্ষি হতে হবে, কল্পনাতেও ভাবেনি বিগ ব্যাশ কর্তৃপক্ষ। চলতি টুর্নামেন্টের পরম্পরা বজায় রেখে টস সেশনে এদিন ব্যাট শূন্যে ছুঁড়ে দেন পারথ স্কর্চার্স দলনায়ক অ্যাস্টন টার্নার। কিন্তু ব্যাট মাটিতে পড়তেই অবাক সকলে।

না হিলস, না ফ্ল্যাটস। পড়ল না কিছুই। সকলকে তাজ্জব করে দিয়ে আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়ল ক্রিকেট ব্যাটটি। ঘটনায় হতবাক টস সেশনে উপস্থিত ধারাভাষ্যকর থেকে দুই অধিনায়ক এবং ম্যাচ রেফারি। টার্নার যদিও মজার ছলে পা দিয়ে ব্যাটটিকে নামিয়ে টস জেতার চেষ্টা করলেন। কিন্তু স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে প্রত্যেকেই তখন অবাক হয়ে খিলখিলিয়ে উঠেছেন। এরপর পুনরায় ব্যাট শূন্যে ছুঁড়ে টসের নির্দেশ দেন রেফারি।

বছর-বছর ধরে কয়েনের মাধ্যমে হয়ে আসা টসের বদলে ব্যাট দিয়ে টস। চলতি মাসের গোড়ার দিকে টুর্নামেন্ট শুরুর আগে বিগ ব্যাশ কর্তৃপক্ষের ঘোষণায় প্রতিবাদে মুখর হয় ক্রিকেট অনুরাগীরা। খেলার উপকরণ দিয়ে টস করানোর সিদ্ধান্তে নিন্দা ও সমালোচনায় বিদ্ধ হতে থাকেন জনপ্রিয় এই ক্রিকেট লিগের আধিকারিকেরা। নতুন এই পদ্ধতি নিয়ে শুরু হয় বিভিন্ন বৈজ্ঞানিক যুক্তি-তর্কও। তবে সেসবে কান না দিয়ে টসকে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন এই পন্থাতেই হাঁটে বিগ ব্যাশ লিগ কর্তৃপক্ষ। তবে নবম দিনের এই ঘটনা নতুন টস প্রথার বিরুদ্ধে যে এক নতুন যুক্তি খাঁড়া করে দিল, তা আর বলার অপেক্ষা রাখে না।

The post হিলস-ফ্ল্যাটস পড়ল না কিছুই, বিগ ব্যাশে টস বিপত্তি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Tbk96d
via IFTTT

Comments