প্রথমদিনের শেষে চালকের আসনে ভারত
মেলবোর্ন: ময়াঙ্কের স্বপ্নের অভিষেক সঙ্গে ফের একবার পূজারা-কোহলির ব্যাটিং বিক্রম। সবমিলিয়ে বক্সিং ডে টেস্টের প্রথমদিন অস্ট্রেলিয়ার বোলিং বিভাগকে পুরোদমে টেক্কা দিয়ে গেল ভারতের ব্যাটিং। মেলবোর্নে প্রথমদিন অজি বোলাররা ৮৯ ওভার হাত ঘুরিয়ে পেলেন মাত্র দুই উইকেট। আর দিনের শেষে স্কোরবোর্ডে ভারতের রান ২১৫। অর্থাৎ এমসিজি-তে প্রথমদিনের শেষে চালকের আসনে কোহলিব্রিগেড।
মেলবোর্নের পিচে টসে জিতে সাধারণত প্রথম ব্যাটিংয়ের দিকেই ঝোঁকেন অধিনায়কেরা। বুধবার অন্যথা হল না ভারত অধিনায়ক কোহলির ক্ষেত্রেও। ময়াঙ্ক-বিহারীর ওপেন করাটা নিশ্চিত হয়ে গিয়েছিল গতকালই। বক্সিং ডে টেস্টে ওপেনিংয়ে কেমন শুরু করে ভারতের নতুন জুটি? অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। ক্রিসমাসের পরের সকালে দলের ওপেনিংয়ে যেন ‘সান্তা’ হয়ে এলেন ময়াঙ্ক আগরওয়াল।
আরও পড়ুন: মনোজের সাহসী সিদ্ধান্তেও পয়েন্ট খোয়াল বাংলা

দু’অঙ্কের রানে পৌঁছতে না পারলেও ৬৬ বল ক্রিজে থেকে ময়াঙ্ককে সঙ্গ দিয়ে গেলেন বিহারী। আর উল্টোদিকে দায়িত্বশীল ব্যাটিংয়ে হ্যাজেলউডদের দুরন্ত সামলে গেলেন ময়াঙ্ক। বিহারী ফিরে গেলেও লাঞ্চে ৩৪ রানে অপরাজিত থাকেন কর্নাটকী ব্যাটসম্যান। এক উইকেটে ৫৭ রান নিয়ে প্রথম সেশনে খেলা শেষ করে ভারত।
আরও পড়ুন: ‘বিরাট আগ্রাসনই সিরিজের ইউএসপি’

দ্বিতীয় সেশনে পূজারাকে সঙ্গে নিয়ে অর্ধশতরান তো করেনই, একইসঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে ৭১ বছরের পুরনো রেকর্ড ভাঙেন ময়াঙ্ক। ১৬১ বলে ৭৬ রান করে অভিষেককারী ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এদিন সর্বোচ্চ রানের ইনিংসটা খেলে ফেললেন বছর সাতাশের এই ব্যাটসম্যান। সঙ্গে যথারীতি সাবলীল ছিলেন পূজারাও। চা-বিরতিতে যাওয়ার ঠিক আগের বলেই যদিও শেষ হয় ময়াঙ্কের স্বপ্নের অভিষেক ইনিংস। চা বিরতিতে দুই উইকেটে হারিয়ে ১২৩ রান তোলে ভারত। ৩৩ রানে অপরাজিত থাকেন পূজারা।
আরও পড়ুন: ময়াঙ্কের ব্যাটে সেহওয়াগকে খুঁজছেন কোচ

প্রথম দুই সেশনে একটি করে উইকেট পেলেও পূজারা-কোহলি যুগলবন্দীতে তৃতীয় সেশনে সফল হলেন না কোনও অজি বোলার। আরও একবার ব্যাটিং লাইন আপকে ভরসা জুগিয়ে অর্ধশতরান করে গেলেন চেতেশ্বর পূজারা। ২০০ বল খেলে দিনের শেষে এই সৌরাষ্ট্রিয়ান অপরাজিত ৬৮ রানে। উল্টোদিকে ফের একবার অধিনায়কোচিত কোহলি দিনের শেষে ক্রিজে রয়েছেন ৪৭ রানে। তৃতীয় সেশনে অজি বোলারদের নাকাল করে দুজনের ধ্রুপদী ব্যাটিং ভারতকে পৌঁছে দিল ২১৫ রানে। সুতরাং বলাই যায়, দ্বিতীয় টেস্টে আশাহত পারফর্ম্যান্স থেকে বেরিয়ে ক্রিসমাসের ছোঁয়ায় উজ্জ্বল টিম ইন্ডিয়া। অন্তত প্রথমদিনের রিপোর্ট তাই-ই বলছে।
The post প্রথমদিনের শেষে চালকের আসনে ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2AfJEMu
via IFTTT
Comments
Post a Comment