বড়দিনের আগেই রাহুলকে মিষ্টি শুভেচ্ছা সচিনের

যোধপুর: ফলাফল এখনও ঘোষণা হয়নি৷ তার আগে দৃঢ়তার সঙ্গে দীপ্ত কন্ঠে রাজস্থানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেসের সরকার গঠন করার কথা জানিয়ে দিলেন সচিন পাইলট৷ রাহুল গান্ধীর বিশ্বস্ত সেনাপতি সচিন পাইলট এদিন সাংবাদিকদের বলেন, ‘‘চূড়ান্ত ফল বেরনো অবধি আমাদের অপেক্ষা করা উচিত৷ কিন্তু মধ্যপ্রদেশ, ছত্তিশগড় থেকে যা আভাস পাওয়া যাচ্ছে তাতে কংগ্রেসই সরকার গড়ার পথে৷ রাজস্থানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরাই ক্ষমতাই আসছি৷’’

বিজেপির দখলে থাকা তিনটি রাজ্যে কংগ্রেসের আশাতীত ভালো ফলাফলের জন্য কর্মীদের কৃতিত্ব দেন সচিন৷ তাদের ধন্যবাদ জানিয়ে সচিন জানান, পাঁচ বছর ধরে কংগ্রেস কর্মী ও কর্মকর্তারা যে পরিশ্রম ও সংঘর্ষ করে আসছিলেন এটা তারই ফল৷ তিনি বলেন, ‘‘গত বার আমরা ২১টা আসন পেয়েছিলাম৷ সেখান থেকে সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে৷ পাঁচ বছর ধরে বিজেপি সরকার আম জনতাকে নাস্তানাবুদ করে ছেড়েছে৷ তাই জনতা রাজ্যে আর বিজেপিকে চাইছিল না৷’’

রাজস্থানে কংগ্রেস সরকার গঠনের দিকে এগিয়ে থাকলেও এখন একটাই লাখ টাকার প্রশ্ন৷ মরু রাজ্যে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কাকে বসাবে হাইকমান্ড? এই পদের দাবিদার দু’জন৷ একজন অশোক গেহলট৷ যিনি এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন৷ দ্বিতীয় ব্যক্তি হলেন সচিন নিজে৷ রাজস্থানে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর পিছনে অশোক ও সচিন দু’জনের সমান অবদান থাকলেও নবীনতম নেতা সচিনেই বাজি রাখছেন অনেকে৷ তাই মুখ্যমন্ত্রী পদ নিয়ে প্রশ্ন করা হলে সচিনের প্রতিক্রিয়া, কে কী পদ পাবে তা রাহুল গান্ধী, হাইকমান্ড ঠিক করবে৷ এক বছর আগে আজকের দিনে রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি হয়েছিলেন৷ এই জয় তাঁর সভাপতি পদে এক বছর পূর্ণ হওয়ার উপহার৷

The post বড়দিনের আগেই রাহুলকে মিষ্টি শুভেচ্ছা সচিনের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QootSB
via IFTTT

Comments