শাস্ত্রীর দাবি নাকচ করলেন সৌরাষ্ট্র কোচ
নয়াদিল্লি: পারথ টেস্টে দল নির্বাচন নিয়ে বিতর্ক ধামাচপা দিতে সম্প্রতি নতুন তত্ত্ব খাঁড়া করেন কোহলিদের হেডস্যার। কাঁধের চোটের কারণে নাকি পারথ টেস্টের আগে নাকি ৭০-৮০ শতাংশ ফিট ছিলেন জাদেজা। তাই তাঁকে ব্যবহার করা যায়নি সিরিজের দ্বিতীয় টেস্টে। অর্থাৎ শাস্ত্রীর দাবি অনুযায়ী চোট থাকা সত্ত্বেও চলতি অস্ট্রেলিয়া সফরে তাঁকে বয়ে বেড়াচ্ছে দল।
শাস্ত্রীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। রবি শাস্ত্রীর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা তিরস্কার করে কেউ বলছেন, ‘কাঁধে চোট থাকা সত্ত্বেও পরিবর্ত হিসেবে বাউন্ডারিতে ফিল্ডিং করছেন জাদেজা। দল নির্বাচনে গলদ ধামাচাপা দেওয়ার জন্য এটা একটা দারুণ অজুহাত।’ কেউ আবার ১৩ জনের দলে কুলদীপের বদলে জাদেজার অন্তর্ভুক্তি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন মাইক্রো ব্লগিং সাইটে। এমনকি পারথ টেস্টে চোট সত্ত্বেও জাদেজাকে দিয়ে ফিল্ডিং করানোর প্রশ্নে টিম ম্যানেজমেন্টকে একহাত নিয়েছেন প্রাক্তন কোচ অনিল কুম্বলেও। এরই মাঝে জাদেজা প্রসঙ্গে আসরে নেমে বিতর্ক উস্কে দিলেন সৌরাষ্ট্র কোচ সিতাংশু কোটাক।

শাস্ত্রীর দাবি নাকচ করে দিয়ে সৌরাষ্ট্র কোচ জানালেন, রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে খেলার সময় সম্পূর্ণ ফিট ছিলেন এই রাজপুত অল-রাউন্ডার। সম্প্রতি ১২-১৫ নভেম্বর রঞ্জির ম্যাচে রেলওয়েজের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন জাদেজা। এপ্রসঙ্গে বলতে গিয়ে কোটাক জানান, ‘রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে মাঠে নামার সময় এমন কোনও ফিটনেস ইস্যু জাদেজার ছিল না। কাঁধের কোন সমস্যা থাকলে সে মাঠে নামতেই পারত না। থাকলেও অন্তত একবার সে আমাদের বিষয়টি জানাত।’

উল্লেখ্য, রঞ্জিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামার আগে দিন দুয়েকের নেট সেশনে চুটিয়ে ব্যাটিং এবং ফিল্ডিং ড্রিল করেন জাদেজা। ম্যাচে দুই ইনিংসেই পুরোদমে হাত ঘোরানোর পাশাপাশি জাদেজার ব্যাট থেকে আসে দেড়শো রানের দুরন্ত ইনিংস। এই শতরানই বলে দেয় জাদেজা কতটা ফিট ছিল, জানিয়েছেন কোটাক। আসরে নেমে সৌরাষ্ট্র কোচের এমন মন্তব্য পরবর্তীতে আগুনে ঘৃতাহুতি দেয় কিনা, সেটা সময় বলবে।

তবে রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, কাঁধের চোট সারিয়ে জাদেজা এখন সুস্থ। অর্থাৎ মেলবোর্নে বক্সিং ডে টেস্টের জন্য জাদেজাকে পেতে যে কোনও অসুবিধা নেই, সেব্যাপারে নিশ্চিত করেছে বিসিসিআই। এখন অপেক্ষা বিতর্ক সরিয়ে মেলবোর্ন টেস্টের জন্য প্রাথমিক দল ঘোষণার। সেখানে জাদেজা নিশ্চিত হলেও এখনও অনিশ্চিত অশ্বিনের মাঠে নামার বিষয়টি।
The post শাস্ত্রীর দাবি নাকচ করলেন সৌরাষ্ট্র কোচ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2T9sqHF
via IFTTT
Comments
Post a Comment