হেরিটেজ বিল্ডিংয়ে মদের বিজ্ঞাপনের হোর্ডিং, সরব কবি মন্দাক্রান্ত

স্টাফ রিপোটার,কলকাতা: বিজ্ঞাপনের হোর্ডিংয়ে মুখ ঢেকেছে শহরের একটি হেরিটেজ বিল্ডিং৷ এই নিয়ে সরব হয়েছেন কবি মন্দাক্রান্তা সেন৷ তাঁর অভিযোগ, ১৯, পার্ক স্ট্রিটের ম্যাসোনিক হল হেরিটেজ ভবনে মদের বিজ্ঞাপনের একাধিক বিশাল বিশাল গ্লোসাইন লাগানো হয়েছে৷ এমনকী হেরিটেজ বিল্ডিং লেখা পুরসভার বোর্ডের ওপর আলকাতরা মাখানো হয়েছে৷ বিষয়টি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নজরে আনেন তিনি৷ শুক্রবার বিধানসভায় গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে চিঠিও দিয়ে আসেন মন্দাক্রান্তা৷ তৃণমূল সূত্রে খবর, বামপন্থী কবিকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী৷

পরে মন্দাক্রান্তা সাংবাদিকদের জানান, পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল৷ কিন্তু পুলিশ দেখছি, দেখব করে কোনও ব্যবস্থা নেয়নি৷ তাই শিক্ষামন্ত্রীকে বিষয়টি জানাতে এসেছি৷ ওখানে একটি বাচ্চাদের স্কুল আছে৷ এমন বিজ্ঞাপন শিশু মনকে সহজেই প্রভাবিত করতে পারে৷ তাদের মানসিক স্বাস্থ্যের পক্ষেও এই বিজ্ঞাপন ক্ষতিকর৷ বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হন কবি মন্দাক্রান্তা৷

সম্প্রতি আয় বাড়াতে প্রায় এক হাজারেরও বেশি মদের দোকানে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এমনকি গোটা রাজ্যে মদের পাইকারি ব্যবসার রাশও এবার নিজেদের হাতে নিতে চলেছে তারা! সরকারের পরিকল্পনা অনুযায়ী , ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড ’-ই হবে অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গে একমাত্র পাইকারি সংস্থা, যারা দেশি ও বিলাতি মদের উৎপাদনের পুরোটাই প্রস্ত্ততকারক সংস্থাগুলির কাছ থেকে রাজ্যে বিক্রির জন্য কিনে নেবে৷ এমনকি, বিদেশি মদের আমদানির সম্পূর্ণ অধিকারও ন্যস্ত থাকবে তাদের হাতে৷

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পরই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছিল৷ এই সিদ্ধান্তের প্রতিফলনই কি শহরজুড়ে মদের বিজ্ঞাপনের হোর্ডিং? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল৷

The post হেরিটেজ বিল্ডিংয়ে মদের বিজ্ঞাপনের হোর্ডিং, সরব কবি মন্দাক্রান্ত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Aloi0y
via IFTTT

Comments