খোঁড়াচ্ছে অস্ট্রেলিয়া, অ্যাডিলেডে জয়ের গন্ধ ভারতীয় শিবিরে
অ্যাডিলেড: প্রত্যাশামাফিক লক্ষ্যমাত্রা ছুঁড়ে না দিতে পারলেও চতুর্থদিনের শেষে অ্যাডিলেড ওভালে জয়ের গন্ধ পেয়ে গেল ভারত। সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিন এবং মহম্মদ শামি। দু’টি করে উইকেট তুলে নিয়ে অজিদের দ্বিতীয় ইনিংসে প্রাথমিক ধাক্কাটা দিলেন এই দুই ভারতীয় বোলার। ৩২৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে চতুর্থদিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১০৪। পঞ্চমদিন প্রথম টেস্ট জয়ের জন্য ভারতের প্রয়োজন অজিদের বাকি ছয় উইকেট।

প্রথম ইনিংসে ১৫ লিড দেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ম্যাচ জয়ের জন্য দায়িত্ব কাঁধে তুলে নিলেন ভারতীয় বোলাররা। চতুর্থদিন দ্বিতীয় ইনিংসে অজি লাইন-আপকে প্রাথমিকভাবে ভাঙার কাজটা সারলেন রবিচন্দ্রন অশ্বিন এবং মহম্মদ শামি। দ্বিতীয় ইনিংসে লিয়ঁর ছয় উইকেট দেখে অ্যাডিলেদের মন্থর পিচে উইকেটের গন্ধ পেয়ে গিয়েছিলেন অশ্বিন। চা-পানের বিরতির আগেই ফিঞ্চকে প্যাভিলিয়নে পাঠিয়ে অজিদের শুরুর ধাক্কাটা আসে তাঁর থেকেই। রেকর্ড ৩২৩ রান তাড়া করতে নেমে দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

চা বিরতির পর অভিষেককারী মার্কাস হ্যারিস ক্রিজে থিতু হতেই তাঁকে সাজঘরে ফেরান মহম্মদ শামি। অজিদের কোনও পার্টনারশিপই বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ভারতীয় বোলাররা। ৪৪ রানে দ্বিতীয় উইকেটের পর অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটের পতন ঘটে ৬০ রানের মাথায়। শুরু থেকেই এদিন বেশ কিছুটা নড়বড়ে দেখাচ্ছিল খোয়াজাকে। স্টেপ আউট করে অশ্বিনকে খেলতে গিয়ে প্রথমটায় বিপদ ডেকে এনেছিলেন তিনি। দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের পরিচয় দিয়ে দ্বিতীয়বার স্টেপ আউট করতে গিয়ে রোহিতের হাতে ধরা পড়ে যান খোয়াজা। মাত্র ৮ রান আসে তাঁর ব্যাট থেকে।

এরপর পুল করতে গিয়ে পূজারার হাতে ধরা পড়ে যান হ্যান্ডসকম্ব। ১৪ রানে শামির শিকার হন তিনি। ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো খোঁড়াতে থাকে অস্ট্রেলিয়া। ইনিংসের হাল ধরেন শন মার্শ। ৩১ রানে দিনের শেষে অপরাজিত আছেন তিনি। পাশাপাশি ১১ রানে অপরাজিত প্রথম ইনিংসের নায়ক ট্রেভিস হেড। অ্যাডিলেডে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩১৫ রান তাড়া করে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জয়ের নজির আছে ১১৬ বছর আগে। তাই রেকর্ড ৩২৩ তাড়া করতে নেমে ইতিমধ্যেই চার উইকেট হারানোয় চতুর্থদিনের শেষে ম্যাচের রাশ ঝুঁকে ভারতের দিকেই। পঞ্চমদিন বাকি ছয় উইকেট তুলে সিরিজে এগিয়ে যাওয়াই পাখির চোখ বিরাটব্রিগেডের। অন্যদিকে মূল্যবান পার্টনারশিপ গড়ে তুলে বাউন্সব্যাকের মরিয়া চেষ্টায় ব্যাগি গ্রীণরা।
The post খোঁড়াচ্ছে অস্ট্রেলিয়া, অ্যাডিলেডে জয়ের গন্ধ ভারতীয় শিবিরে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BYFuKv
via IFTTT
Comments
Post a Comment