“সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে,” বললেন খোদ দায়িত্বে থাকা অফিসার

নয়াদিল্লি: সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বেশি বাড়াবাড়ি হয়েছে। ভারতের সেই বিশেষ জঙ্গিদমন অভিযানের দু’বছর পর এমনটাই বললেন খোদ অপারেশনের সঙ্গে যুক্ত থাকা প্রাক্তন সেনা অফিসার লেফট্যানেন্ট জেনারেল ডিএস হুদা। ২০১৬-র ২৯ সেপ্টেম্বর রাতে সেই অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন তৎকালীন নর্দার্ন আর্মি কমান্ডার ডিএস হুদা। অভিযানের লাইভ ভিডিও প্রত্যক্ষ করেছিলেন তিনি।

হুদা আরও বলেন, “সেনা অভিযান গুরুত্বপূর্ণ ছিল। তাই আমাদের এটা করতেই হয়েছিল। তবে এই অভিযান নিয়ে কতটা রাজনীতি করা হয়েছে, সেটা করা আদৌ ঠিক হয়েছে কিনা, তা রাজনীতিকরাই বলতে পারবেন।” স্বাভাবিকভাবেই প্রাক্তন সেনা অফিসারের এই মন্তব্য আলোড়ন তৈরি করেছে বিভিন্ন মহলে।

এই প্রসঙ্গে সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, “প্রত্যেক ব্যক্তির নিজস্ব মতামত থাকতেই পারে। তাই এই বিষয়ে মন্তব্য না করাই উচিৎ। উনি সার্জিক্যাল স্ট্রাইকে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। তাই ওনার বক্তব্যকে আমি সম্মান করি।”

উরির সেনা ছাউনিতে হামলার কয়েকদিন পরেই পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা জওয়ানরা। পরে সেই সার্জিক্যাল স্ট্রাইকের কথা প্রকাশ্যে আনা হয়। এই প্রসঙ্গে হুদা বলেন, ‌’‌ওই সময় সার্জিক্যাল স্ট্রাইকের প্রয়োজন ছিল। কিন্তু এভাবে বিষয়টিকে অতিরঞ্জিত করা কিংবা সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রাজনীতি করা উচিত নয়।’‌ এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘‌উরি হামলায় আমাদের বেশ কয়েকজন জওয়ান শহিদ হয়েছিলেন। এজন্য পাকিস্তানকে কড়া বার্তা দেওয়ার প্রয়োজন ছিল। ওরা যদি আমাদের দেশে ঢুকে এ ধরনের হামলা চালাতে পারে, তাহলে আমরাও ওদের দেশে এর থেকেও বড় হামলা চালাতে পারি।’‌

সার্জিক্যাল স্ট্রাইক ও সীমান্ত সন্ত্রাস নিয়ে একটি আলোচনাসভায় অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই এই মন্তব্য করেন হুদা। একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এই অভিযান গোপনে চালানো খুবই প্রয়োজন ছিল।”

The post “সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে,” বললেন খোদ দায়িত্বে থাকা অফিসার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2rpLDt7
via IFTTT

Comments