ক্রিসমাসের আগেই স্যান্টা বুড়োর স্পেস্যাল গিফট পেল ওরা
সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় , কলকাতা: মা মেরি মুখ তুলে চেয়েছেন। ক্রিসমাসের আগেই আনন্দের জোয়ারে ভাসল মহানগরের শ’খানেক দুঃস্থ শিশু। বিশেষ উদ্যোগ ‘ইজি নোট ষ্টেশনারী’ নামে এক সংস্থার। নিকোপার্ক ওয়ান্ডারল্যান্ডে শিশুদের একটা আনন্দের বিকেল উপহার দিলেন তাঁরা।

ক্রিসমাসের কেক ওদের কাছে বিলাসিতা। শীতের ছুটিতে বাবা , মায়ের হাত ধরে পার্কে ঘুরতে যাওয়া ওদের কাছে স্বপ্নের মতো। তবু ওরা স্বপ্ন দেখে। আশায় বুক বাঁধে এই ভেবে , কোনও এক শীতের রাতে ক্রিসমাস বুড়ো ওদের জন্য কোনও বিশেষ উপহার নিয়ে আসবে। সে সব হয় না। বাস্তব বড়ই রুক্ষ। তবু স্বপ্ন দেখতে বাধা নেই। স্বপ্ন সত্যি হয়ে এল ওদের কাছে। ক্রিসমাসের সপ্তাহ দুয়েক আগে রেহান, ছুটকি, বীণাদের কাছে চলে এল স্বপ্নের দিন।

ওরা ভাবে, কলকাতায় শীত কম, তাই দাদু আসে না। ইজি নোট ষ্টেশনারির মাধ্যমে বুড়ো গরমের কলকাতায় পাঠিয়ে দিলেন প্রচুর গিফট আর ঝুলি ভরতি আনন্দ। ঝুলি খুলতেই বেড়িয়ে এল টয় ট্রেন চড়া থেকে নিক্কোপার্কের সমস্ত জয় রাইডে চড়ার ফ্রি টিকিট। ডিসেম্বরের পড়ন্ত বিকেলে ওরা ছুটল, হাসল, খেলে বেরাল। এমন একটা শীতের অপেক্ষাতেই তো ছিল ওরা। সঙ্গে থাকলেন তরুণ অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং বালির বিধায়ক বৈশালী ডালমিয়া।

অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, “আমি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। এখন কলকাতায় অনেক ঘুরে বেড়ানোর অনেক জায়গা হয়েছে। আমাদের ছোটবেলায় ভিক্টোরিয়া, চিরিয়াখানা কয়েকটা হাতে গোনা জায়গা। এখন এত পার্ক হয়ে গিয়েছে, অ্যামিউজমেন্টের অনেক জায়গা। কিন্তু এই বাচ্চারা সে সব থেকে সেদিনও বঞ্চিত ছিল আজও বঞ্চিত। কলকাতায় এই চিত্রটা বদল হয়নি। এটাই সমাজ। তবু যদি কোনও একটা দিন বদলের বিকেলে আমি ওদের সঙ্গে থাকতে পারলাম সেটা আমার কাছে বড় পাওনা।”

এই প্রসঙ্গে বিধায়ক বৈশালী ডালমিয়া বলেন, “আমার ছোটবেলার দিনগুলোর কথা মনে পরে যাচ্ছে। সত্যি, শহরের এই চিত্রটা একদিনের জন্য বদলের চেষ্টায় থাকতে পেরে আমার ভালো লাগছে। শুধু একটা ক্রিসমাস নয়। এরপর থেকে প্রত্যেকটা ক্রিসমাস যাতে ওদের এমনভাবেই কাটে তার জন্য উদ্যোগ নিতে বলব ইজি নোট ষ্টেশনারিকে।”

শালিনী বিশ্বাস সংস্থার ম্যানেজিং ডিরেক্টর। তিনি বলেন, “তিলজলা শেডস এবং মুক্তি স্বেচ্ছাসেবী সংস্থার ৮৫ জন শিশুকে ক্রিসমাসের আগেই ক্রিসমাসের আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। এটা একটা সামান্য চেষ্টা। আগামী দিনে আরও ওদের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করব।”
The post ক্রিসমাসের আগেই স্যান্টা বুড়োর স্পেস্যাল গিফট পেল ওরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2LgcO2y
via IFTTT
Comments
Post a Comment