জেলায় জেলায় পালিত সারদা মায়ের জন্মতিথি উৎসব

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া ও হাওড়া: পরম ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শুক্রবার সকাল থেকে শ্রী শ্রী সারদা মায়ের ১৬৬ তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে জেলায় জেলায়৷ এই বিশেষ দিনটিতে মাতৃ মন্দিরে বিশেষ পুজাপাঠ হচ্ছে।

১৮৫৩ সালের ২২ ডিসেম্বর (বাংলা ১২৬০ সালের ৮ পৌষ) অগ্রহায়ণ কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটীর এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে সারদা দেবীর জন্ম। তাঁর পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মা শ্যামাসুন্দরী দেবী অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। সারদা দেবীর পরিবার বংশানুক্রমে ভগবান উপাসক ছিলেন। সারদা দেবী ছিলেন তাঁদের প্রথম সন্তান। পরে পাশের গ্রাম হুগলির কামারপুকুরের গদাধরের সঙ্গে তাঁর বিয়ে হয়।

শ্রী শ্রী মায়ের জন্মতিথি উপলক্ষে মাতৃ মন্দিরের উদ্যোগে প্রভাতফেরীর মাধ্যমে দিনটির সূচনা হয়। শ্রী শ্রী মায়ের প্রতিকৃতি নিয়ে এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন এলাকার ছাত্র ছাত্রী, মিশনের মহারাজ, সাধারণ কর্মী থেকে শুরু করে অগণিত ভক্ত। এদিন সারাদিন বিশেষ পুজাপাঠ, মঙ্গলারতির মাধ্যমে শ্রীশ্রী সারদামাকে শ্রদ্ধা নিবেদন করা হবে।

শ্রীশ্রী সারদামায়ের জন্মতিথি উপলক্ষে জয়রামবাটিতে এখন উৎসবের মেজাজ। রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পূণ্যার্থী হাজির হয়েছেন মাতৃ মন্দিরে। বসেছে মেলাও। সব মিলিয়ে ভক্তি, শ্রদ্ধা আর উৎসবের মেজাজে এদিনের এই বিশেষ দিনটি শুরু হয়েছে এখানে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পূণ্যার্থীরা প্রভাতফেরীতে অংশ নেওয়ার পাশাপাশি বিশেষ পুজাপাঠে যেমন অংশ নিচ্ছেন তেমনি মায়ের বাড়ি, মাতৃ মন্দির ঘুরে দেখছেন। ভক্তি ভরে শ্রদ্ধা জানাচ্ছেন শ্রী শ্রী সারদামাকে। জয়রামবাটি শ্রী শ্রী মাতৃ মন্দিরের পক্ষে স্বামী পূর্ণ মহানন্দ মহারাজ বলেন, আজ এই বিশেষ দিনটিতে মাতৃ মন্দিরের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠান পুজাপাঠের ব্যবস্থা করা হয়েছে। ভোর চারটেতে মঙ্গলারতির মাধ্যমে দিনটি শুরু হয়েছে। বৈদিক মন্ত্রপাঠ, প্রভাতফেরীর পাশাপাশি বিশেষ এই দিনটিতে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।

অন্যদিকে বেলুড় মঠে ভক্তি ও শ্রদ্ধাভরে পালিত হচ্ছে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি উৎসব। এই উপলক্ষে শুক্রবার সকাল থেকেই বেলুড় মঠেও প্রচুর ভক্ত সমাগম। নেওয়া হয় কড়া নিরাপত্তা। দিনভর মঠ প্রাঙ্গণে বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রায় ৩০ থেকে ৩৫ হাজার ভক্তের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করে বেলুড় মঠ কর্তৃপক্ষ।

বেলুড় মঠের তরফ থেকে জানানো হয় এদিন ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে শ্রীশ্রীমায়ের মন্দিরে মঙ্গলারতি হয়। এরপর বেদ পাঠ ও স্তবগান, ভজন, বিশেষ পূজা, হোম এর আয়োজন করা হয়। বেলুড় মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীবৃন্দ সভামণ্ডপে সকাল ৮টায় মাতৃ সঙ্গীত পরিবেশন করেন। এরপর স্বামী জগন্ময়ানন্দ মহারাজ শ্রীশ্রীমায়ের কথা পাঠ করেন। গৌতম ঘোষ কর্তৃক সারদা সঙ্গীত হয়।

উত্তর হাওড়া নাট্য অঙ্গনের নিবেদনে গীতিনাট্য জননী সারদা পরিবেশিত হয়। স্বর্ণেন্দু চট্টোপাধ্যায় ভক্তিগীতি পরিবেশন করেন। অয়ন বন্দ্যোপাধ্যায় ভজন পরিবেশন করেন। সঙ্গীতশিল্পী অনল চট্টোপাধ্যায় শ্যামাসংগীত পরিবেশন করেন। দুপুরে শ্রীশ্রীমায়ের জীবন ও বাণী নিয়ে ধর্মসভা অনুষ্ঠিত হয়। এর সভাপতিত্ব করেন স্বামী মুক্তসঙ্গানন্দ মহারাজ। বক্তা ছিলেন স্বামী শিবপ্রদানন্দ মহারাজ এবং স্বামী কৃতার্থানন্দ মহারাজ। এদিনই মা সারদা সদাব্রত ভবন থেকে দুপুরে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও শ্রীশ্রী মায়ের মন্দিরে সন্ধ্যা আরতির আয়োজন করা হয়।

The post জেলায় জেলায় পালিত সারদা মায়ের জন্মতিথি উৎসব appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2CEFQpR
via IFTTT

Comments