রথ চালাতে এবার সুপ্রিম কোর্টে মামলা বিজেপির

কলকাতা: রথের চাকা গড়াতে এবার সুপ্রিম কোর্টে মামলা করল বিজেপি৷ সোমবার সকালে গেরুয়া শিবির সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চে রথযাত্রা নিয়ে মামলা দায়ের করেছে বলে জানা যায় বিজেপি সূত্রে৷ কিছুদিন আগেই বিজেপির আইনজীবীরা শীর্ষ আদলতে ক্যাভিয়েট দাখিল করেন৷ ২৭শে ডিসেম্বর সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চে এই মামলায় শুনানি হতে পারে বলে মনে করছে গেরুয়া শিবির৷ রথযাত্রা ইস্যুতে এর আগে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট করে রেখেছিল রাজ্য সরকার৷

বৃহস্পতিবার বিজেপিকে শর্ত সাপেক্ষে রথযাত্রা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ৷ শুক্রবার সকালেই সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার৷

আদালতের এই যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের রথের সারথি ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক মনু সিংভি৷ তাঁর সওয়ালেই শেষ হাসি হাসেন মুখ্যমন্ত্রী৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করে দেয়৷ সিঙ্গেল বেঞ্চকে পুলিশের গোয়েন্দা রিপোর্ট খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়৷

রাজ্য সরকার হাইকোর্টের এই রায়ই চাইছিল৷ কারণ ওই রায়ে এক ধাক্কায় এই বছরে অন্তত বাংলার মাটিতে রথের চাকা ঘোরার সম্ভাবনা ক্ষীণ হয়ে গিয়েছে৷ বিষয়টিকে একঅর্থে রাজনৈতিক জয় বলেই মনে করছে রাজ্যের শাসক দল৷

২০১৯ সালের জানুয়ারি মাসের ১৯ তারিখ কলকাতায় ফেডারেল ফ্রন্টের সভা৷ ব্রিগেডে ওইদিন ২৫ লক্ষ মানুষের জন সমাগম করতে চান মমতা৷ তৃণমূলের দাবি অ-বিজেপিয় সমস্থ নেতাই থাকবেন ওই মঞ্চে৷ ওই সভা হওয়ার আগে অন্তত বিজেপির রথের চাকা মাটিতে বসিয়ে দিতে পেরেছেন রাহুল গান্ধীর ঘনিষ্ট অভিষেক মনু সিংভি৷ যা সেদিন তুলে ধরতে পারবেন মমতা৷

তবে ১৯ জানুয়ারির আগে যাতে বাংলায় রথ চলে তার জন্য মরিয়া বিজেপি৷ এই যাত্রাকে ধরেই বাংলা জয়ের স্বপ্ন দেখছেন মোদী-শাহ জুটি৷ রথের চাকা গড়াতে তাই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি৷

The post রথ চালাতে এবার সুপ্রিম কোর্টে মামলা বিজেপির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2T6Xg40
via IFTTT

Comments