‘কয়লা খনিতে আটকে শ্রমিকরা, মোদী ব্যস্ত পোজ দিতে’

নয়াদিল্লি: ১৩ দিন কেটে গিয়েছে৷ এখনও মেঘালয়ের সেই কয়লাখাদানে আটকে পড়া ১৫ শ্রমিককে উদ্ধার করা যায়নি৷ শ্রমিকদের উদ্ধার করতে না পারার জন্য মোদী সরকারকেই বিঁধলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ ট্যুইট করেন, দু’সপ্তাহ ধরে কয়লা খনিতে আটকে শ্রমিকরা৷ আর মোদী রেল-রোড ব্রিজে দাঁড়িয়ে ক্যামেরার পোজ দিতে ব্যস্ত৷

মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় এলাকার একটি বেআইনি কয়লা খাদানে প্লাবনের জেরে আটকে পড়ে ১৫ শ্রমিক৷ জলস্তর না কমায় এখনও তাদের বের করে আনা সম্ভব হয়নি৷ পরিকাঠামোগত অভাব এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে৷ বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা এক সপ্তাহেরও বেশি সময় ধরে ১০০ হর্ষপাওয়ার সম্পন্ন পাম্পের অপেক্ষায়৷ এমন উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প মেঘালয় সরকারের কাছে না থাকায় দুটি ২৫ হর্ষপাওয়ার সম্পন্ন পাম্প দিয়ে কাজ চালানো হচ্ছে৷ কিন্তু সেই দুটি পাম্পেও কাজ হয়নি৷

রাহুলের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চাওয়া হলেও সরকার উচ্চক্ষমতাসম্পন্ন পাম্পের বন্দোবস্ত করতে ব্যর্থ হয়েছে৷ ট্যুইটে রাহুল লেখেন, মোদী সরকার উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প মেশিন দিতে অস্বীকার করেছে৷ দু’সপ্তাহ ধরে ১৫ জন শ্রমিক কয়লা খাদানে আটকে৷ আর মোদী বোগীবিল ব্রিজে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন৷ প্রধানমন্ত্রী ওই শ্রমিকদের বাঁচান৷

এদিকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ৭০ ফুট নিচে নামা দরকার৷ কিন্তু উদ্ধারবাহিনী ৪০ ফুট অবধি নামতে পেরেছেন৷ জলস্তর না কমলে তার নিচে যেতে পারছে না উদ্ধারবাহিনী৷ থমকে উদ্ধারকাজ৷ তবে এখনও অবধি শ্রমিকরা জীবিত না মৃত তা নিশ্চিত নয় উদ্ধারকারীরা৷

২০১৪ সাল থেকে খনিজ সমৃদ্ধ মেঘালয়ে কয়লা উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ কারণ তার জেরে দূষিত হচ্ছে জলাশয়গুলি৷ কিন্তু সরকারি নিষেধাজ্ঞা উড়িয়ে এখনও অনেক জায়গায় ইদুরের মতো গর্ত করে কয়লা উত্তোলন করা হয়৷ যেগুলি সব বেআইনি৷

The post ‘কয়লা খনিতে আটকে শ্রমিকরা, মোদী ব্যস্ত পোজ দিতে’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EMxmOQ
via IFTTT

Comments