ডেরায় গিয়ে চার্চিল বধ লাল-হলুদের

ভাস্কো: ফের পিছিয়ে পড়েও মধুর জয়। ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের পর গোয়ার মাঠে গিয়ে চার্চিল বধ ইস্টবেঙ্গলের। যা লাল-হলুদকে প্রবলভাবে ফিরিয়ে আনল আই লিগের লড়াইয়ে। জেইম স্যান্টোস কোলাডোর দুরন্ত গোল এবং লালরিনিডিকা রালতের অনবদ্য ফ্রি-কিক গোয়া থেকে তিন পয়েন্ট এনে দিল আলেজান্দ্রো মেনেন্দেস ব্রিগেডকে।

ডার্বির পরের ম্যাচ বরাবরই শক্ত গাঁট দু’প্রধানের কাছে। হেনরি কিসেকার গোলে বুধবার পঞ্জাবে গিয়ে মিনার্ভাকে হারিয়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গলই বা পিছিয়ে থাকবে কেন? সেই লক্ষ্যে প্রথম একাদশে মাত্র একটি পরিবর্তন করে সদিন পিটার গিগিউয়ের বিরুদ্ধে স্ট্র্যাটেজি সাজান লাল-হলুদের স্প্যানিশ কোচ। লালরামচুলোভার পরিবর্তে রাইট ব্যাকে এদিন শুরু করেন সামাদ আলি। তবে চলতি আই লিগে দুরন্ত ফর্মে থাকা নিজেদের ‘বাতিল ঘোড়া’ উইলিস প্লাজার গোলে ম্যাচের তিন মিনিটেই পিছিয়ে পড়ে লাল-হলুদ।

পিছিয়ে পড়ে দূরপাল্লার শটে চার্চিল রক্ষণ ভেদ করার চেষ্টা শুরু করেন লাল-হলুদ ফুটবলাররা। কাশিম আইদারার একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ৩৫ মিনিটে ম্যাচে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। ডিকার কার্লিং কর্নার থেকে বল পেয়ে দুরন্ত ভলিতে বল জালে রাখেন ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি কোলাডো। জাত চিনিয়েছিলেন বড় ম্যাচেই, অ্যাওয়ে ম্যাচে এদিন দুরন্ত গোল করে কোলাডো জানান দিয়ে গেলেন আগামীতে দলের সম্পদ হয়ে উঠতে পারেন তিনি।

১-১ গোলে প্রথমার্ধ শেষ হওয়ার পর ম্যাচে এগিয়ে যেতে তৎপর হয়ে ওঠে দু’দলই। ৫১ মিনিটে বোরহার লং বল ধরে জবির উদ্দেশ্যে একটি ঠিকানা লেখা বল সাজিয়ে দেন বড় ম্যাচের নায়ক দানমাওয়াইয়া। কিন্তু সেই সুযোগ হেলায় হারান লাল-হলুদের কেরল স্ট্রাইকার। ৫৬ মিনিটে চার্চিলের সিসের নেওয়া শটও লক্ষ্যভ্রষ্ট হয় অল্পের জন্য।

প্রথম গোলের পিছনে অবদান রাখার পর দ্বিতীয়ার্ধে ৭৯ মিনিটে ফের ডিকা ম্যাজিক। আর তাতেই বাজিমাৎ পদ্মাপাড়ের ক্লাবের। লাল-হলুদ মিডিওর দুরন্ত ফ্রি-কিক এক্ষেত্রে বোকা বানিয়ে ঢুকে যায় চার্চিলের জালে। ডিকার গোলেই তিন পয়েন্ট নিশ্চিত হয় ইস্টবেঙ্গলের।

টানা তিন ম্যাচ হারের পর তিন ম্যাচে জয়। লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ফের দারুণভাবে ফিরে এল লাল-হলুদ। এই জয়ের ফলে আট ম্যাচ থেকে লাল-হলুদের পয়েন্ট দাঁড়াল ১৫। শীর্ষে থাকা চেন্নাই সিটি এফসির থেকে এই মুহূর্তে তিন পয়েন্ট পিছনে তারা। আগামী ২৮ ডিসেম্বর ঘরের মাঠে ইস্টবেঙ্গলের পরবর্তী প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর এফসি।

The post ডেরায় গিয়ে চার্চিল বধ লাল-হলুদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2CqN5lh
via IFTTT

Comments