খানা খন্দে ভরা গুরুত্বপূর্ণ রাস্তা, যন্ত্রণার যাত্রা বাসিন্দাদের
স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: খানাখন্দ আর ধুলোভরা রাস্তায় প্রতিদিন এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় অসংখ্য মানুষকে। এই ছবি কোন প্রত্যন্ত গ্রামের নয়। খোদ বাঁকুড়া শহরের ‘অভিজাত এলাকা’ হিসেবে পরিচিত স্কুলডাঙ্গায়।

গত কয়েক মাস আগে পৌরসভার তরফে পানীয় জলের পাইপ লাইন বসানোর জন্য শহরের স্কুলডাঙ্গা থেকে রামপুর পর্যন্ত্য রামানন্দ সরণীর দু’কিলোমিটার রাস্তার পাশে খোঁড়াখুড়ি হয়। সেই পাইপ বসানোর কাজও শেষ। কিন্থু সেই রাস্তা আজও সংস্কার হয়নি। দিনে দিনে মারণ ফাঁদে পরিনত হয়েছে বাঁকুড়া শহরের অতি গুরুত্বপূর্ণ এই রাস্তাটি।

এই রাস্তার উপরেই বর্তমান বিধায়ক সম্পা দরিপা সহ শাসক দলের বেশ কয়েকজন নেতার যেমন বাড়ি রয়েছে, তেমনি বিরোধী সিপিএমের জেলা দফতরও এই রাস্তার পাশেই। এছাড়াও সরকারি অফিস এবং একটি বেসরকারি নার্সিং হোমও রয়েছে ওই এলাকায়। ফলে জেলা শহর ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ প্রতিদিন নানান কাজে এখানে আসেন।

স্থানীয় বাসিন্দা সুধাংশু বাউরী, তীর্থ মিশ্রদের অভিযোগ, পানীয় জলের পাইপ লাইনের কাজ শেষ হওয়ার পর ভাবা হয়েছিল এই রাস্তাটি ফের সংস্কার করা হবে। কিন্তু দীর্ঘ কয়েকমাস কেটে গেলেও তা হয়নি। একদিকে পুরো রাস্তা জুড়ে খানাখন্দ৷ অন্যদিকে এই শীতে সেই পাইপ লাইনের জন্য খোঁড়া মাটির ধুলো রাস্তার দু’পাশের বাড়িগুলো ভরিয়ে দিচ্ছে। এমনকি সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়।

এই অবস্থায় এলাকায় বাস করাই দুষ্কর হয়ে পড়েছে, দাবি স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের আরও অভিযোগ, কলকাতা থেকে সড়কপথে আসা মন্ত্রী, আমলা থেকে রাজনীতিবিদ বাঁকুড়া শহরে প্রবেশ করতে এই রাস্তাই ব্যবহার করেন। তার পরেও কেন দিনের পর দিন অবহেলা আর বঞ্চনার শিকার হবে গুরুত্বপূর্ণ রাস্তাটি।

এবিষয়ে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্তের যুক্তি ‘ভালো কাজ হতে গেলে একটু কষ্ট সহ্য করতে হবেই।’ একই সঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিরোধী সিপিএমের সমালোচনা করে তিনি বলেন, “৩৪ বছরে গোটা রাজ্যটাই বেহাল হয়ে গিয়েছিল “। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শাসনকালে এমন কোন প্রত্যন্ত এলাকা নেই যেখানে ‘ঝাঁ চকচকে’ রাস্তা হয়নি। রামানন্দ সরণীর বেহাল অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ঐ রাস্তার টেণ্ডার হয়ে আছে। শীঘ্রই কাজ শুরু হবে।
The post খানা খন্দে ভরা গুরুত্বপূর্ণ রাস্তা, যন্ত্রণার যাত্রা বাসিন্দাদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2T9sZBh
via IFTTT
Comments
Post a Comment