রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টেই আস্থা রাখছে বাংলার RSS

শেখর দুবে, কলকাতা: বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস ছাড়া সংঘ পরিবারের বাইরের হিন্দুত্ববাদী দলগুলি অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবি নিয়ে সোচ্চার বহু বছর ধরে৷ সম্প্রতি রাম মন্দির নিয়ে ‘হুঙ্কার সভা’ও করেছে সংঘও৷ কিন্তু রাম মন্দির নিয়ে বিজেপির গড়মসির জন্য আপাতত সুপ্রিম কোর্টে ভরসা রাখার কথা বলছে আরএসএস৷

২০১৪ সাল থেকে কেন্দ্রে রয়েছে তথাকথিত হিন্দুত্ববাদী দল বিজেপি৷ যাদের নির্বাচনি ইস্তাহারে একটি বড় প্রতিশ্রুতি ছিল রাম মন্দির৷ ক্ষমতায় আসার পর প্রায় পাঁচ বছরে কেটে গেলেও মন্দির নিয়ে কোন পদক্ষেপ করা বিজেপি৷ এতে বিজেপির পাশাপাশি চাপ বাড়ছে আরএসএস-এর উপরও ৷ এমনটাই মত বিশেষজ্ঞদের৷ শুরু হতে চলা শীতকালীন অধিবেশনে রাম মন্দির নিয়ে অর্ডিন্যান্স আনবে বিজেপি এমনটাই আশা করছিল হিন্দুত্ববাদী সংগঠনগুলি৷ সম্প্রতি বিজেপির শীর্ষ নেতৃত্বের মনোভাবে পরিস্কার যে শীতকালীন অধিবেশনে রাম মন্দির নিয়ে অর্ডিন্যান্স আনছে না তারা৷ তাই কিছুটা বাধ্য হয়েই জানুয়ারিতে সুপ্রিম কোর্টের শুনানির দিকে চেয়ে আছে আরএসএস৷

রাজ্য আরএসএস-এর রাজ্যনেতা জিষ্ণু বসুর বক্তব্য, রাম মন্দির শুধু মাত্র আরএসএস-এর দাবি নয়৷ ভারতের অগনিত রাম ভক্ত যারা প্রতিদিন রামের পুজো করেন তারা আশা করে রয়েছেন অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হবে৷ তবে গনতন্ত্রে তিনটি প্রধান স্তম্ভ রয়েছে যার একটি হল বিচার ব্যবস্থা৷ সুপ্রিম কোর্টের উপর তাঁরা ভরসা রাখছেন বলেই জানান এই নেতা৷ শীতকালীন অধিবেশনেই অর্ডিন্যান্স আনার ব্যাপারে সংঘের তরফে কী কোনও চাপ দেওয়া হবে বিজেপির উপর? এই প্রশ্নের জবাবে কিছু বলতে চাননি জিষ্ণু বসু৷

সম্প্রতি বিজেপির রাজ্যসভার সাংসদ অধ্যাপক রাকেশ সিনহা হিন্দিতে একটি টুইটে রাহুল গান্ধী, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরিকে উল্লেখ করে লিখেছিলেন, ‘‘রাম মন্দির কবে হবে? তারিখ বলুক বিজেপি, আরএসএস ৷ এসব বলে যারা চিৎকার করতে থাকে তাদের কাছে জানতে চাই আমি যদি রাম মন্দির নিয়ে প্রাইভেট মেম্বার বিল নিয়ে আসি তাহলে কি তারা সেই বিলে সমর্থন করবে৷ এ বিষয়টা এখনই পরিষ্কার হয়ে যাওয়া উচিৎ৷’’

বিজেপির রাজ্যসভার সাংসদের এই টুইট শীতকালীন অধিবেশনে ‘‘রাম মন্দির নিয়ে অর্ডিন্যান্স’’ আনার সম্ভাবনাকেই উস্কে দিয়েছিল৷ ওই সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতার দাবি ছিল, ‘‘দেখুন মোদিজী আমাদের সারপ্রাইজ দিতে ভালোবাসেন৷ অপেক্ষা করুন দিওয়ালির পর দেশের মানুষের জন্য সারপ্রাইজ আসছে৷’’

গত অক্টোবরে প্রায় ২৬ বছরের পুরনো বিবাদকে আরও কিছুটা সময় দিয়েছে সুপ্রিম কোর্ট৷ বহু প্রতীক্ষিত রাম মন্দির নির্মাণ মামলার শুনানির কথা থাকলেও প্রায় তিনমাস পিছিয়ে যায়৷ জানুয়ারিতে শুনানির কথা ঘোষণা করেছিল বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ ৷ রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের এই টালবাহানাতেই সর্বোচ্চ আদালতের উপর অখুশি ছিল সংঘ পরিবার৷ কয়েকদিন আগে বিজয়া দশমীর ভাষণ দিতে গিয়ে সরসঙ্ঘচালক মোহন ভাগবত বলেছিলেন অযোধ্যায় রাম মন্দির গড়ার জন্য সরকারের উচিত প্রয়োজনীয় আইন প্রণয়ন করা। প্রয়োজনীয় আইন প্রণয়ন করেই রাম মন্দির গড়ার ব্যাপারে সরকারের সব জট কাটানো দরকার৷ বিশেষজ্ঞদের মতে লোকসভার মুখে বিজেপির উপর চাপের কথা ভেবে আপাতত নিজেদের দাবি থেকে সরে এসে সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখার কথা বলছে আরএসএস৷

The post রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টেই আস্থা রাখছে বাংলার RSS appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2E7n3oh
via IFTTT

Comments