হরিদ্বারে বাজপেয়ীর অস্থি বিসর্জন, থাকবেন শাহ-রাজনাথ
হরিদ্বার: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আজ অস্থি বিসর্জন৷ রবিবার সকালে হরিদ্বারে নিয়ে আসা হবে বাজপেয়ীর অস্থি৷ ধর্মীয় রীতিনীতি মেনে পবিত্র গঙ্গা নদীর ধারে করা হবে এই অনুষ্ঠান৷ জানা গিয়েছে, ২০টি নদীতে বাজপেয়ীর অস্থি বিসর্জন করা হবে৷ অপরদিকে সোমবার থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্য জুড়ে অটল অস্থি কলস যাত্রার সূচনা করছেন৷ তিন দিন ধরে এই অনুষ্ঠান শেষ হবে বৃহস্পতিবার৷ ওই দিন গোমতী নদীতে শেষ অস্থি বিসর্জন করা হবে৷
পরিবারের সদস্যদের উপস্থিতিতে অস্থি বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হবে৷ প্রয়াত প্রধানমন্ত্রীর অস্থি বিসর্জন করবেন তাঁর পালিত কন্যা নমিতা ও নাতনি নীহারিকা ভট্টাচার্য৷ বাজপেয়ীর পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী তিবেন্দ্র সিং রাওয়াত৷
বিজেপির মিডিয়া মুখপাত্র ভুপেন্দ্র যাদব জানান, রবিবার সকালে দেরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দর থেকে হরিদ্বারে যাবেন অমিত শাহ, রাজনাথ সিং৷ দুপুরে শুরু হবে বাজপেয়ীজির পারলৌকিক ক্রিয়া৷ তবে এখানেই শেষ নয়৷ প্রতিটি রাজ্যে আগামী দশ থেকে পনেরো দিন প্রয়াত প্রধানমন্ত্রীর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠান চলবে৷ ২০ অগস্ট দিল্লি থেকে শুরু এই প্রাথর্না অনুষ্ঠান৷ ওই দিন ইন্দিরা গান্ধী ইন্দোর স্টেডিয়ামে বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত হবে এই অনুষ্ঠান৷ দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতারা সেই সভায় যোগ দেবেন বলে জানা গিয়েছে৷
অটল বিহারী বাজপেয়ী লখনউ থেকে নির্বাচিত হয়ে সংসদীয় রাজনীতিতে পা রাখেন৷ তাই নবাবী শহরে আগামী ২৩ অগস্ট তাঁর স্মৃতিতে স্মারক তৈরি হবে৷ যার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ উপস্থিত থাকবেন রাজনাথ সিং ও প্রয়াত প্রধানমন্ত্রীর গোটা পরিবার৷ হরিদ্বারের পর ওই দিন গোমতী নদীতে বাজপেয়ীর অস্থি বিসর্জন করা হবে৷
দীর্ঘদিন রোগভোগে ভোগার পর ১৬ অগস্ট এইমসে শেষ নিশ্বাস ত্যাগ করেন অটল বিহারী বাজপেয়ী৷ ১১ জুন থেকে এইমসে ভরতি ছিলেন তিনি৷ ১৭ অগস্ট দিল্লি রাষ্ট্রীয় স্মৃতি স্থলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় বাজপেয়ীর শেষকৃত্য৷
The post হরিদ্বারে বাজপেয়ীর অস্থি বিসর্জন, থাকবেন শাহ-রাজনাথ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L8lo1P
via IFTTT
Comments
Post a Comment