রাফায়েল চুক্তির ফাঁকফোকর খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠন রাহুলের

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে রাফায়েল চুক্তি নিয়ে মোদী সরকারকে বেকায়দায় ফেলতে আদা জল খেয়ে ময়দানে নেমেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ রাফায়েল চুক্তির সত্যতা প্রকাশ্যে আনতে ছয় কংগ্রেসী সদস্যকে নিয়ে টাস্ক ফোর্স গঠন করলেন তিনি৷ এই ছয় সদস্যদের কাজ হবে রাফায়েল চুক্তির আসল সত্যিটা আম জনতার সামনে আনার৷

ছয় সদস্যের এই টাস্ক ফোর্সের মাথায় বসানো হয়েছে রাহুল গান্ধীর অন্যতম বিশ্বস্ত সেনাপতি রণদীপ সুরযেওয়ালাকে৷ এছাড়া এই টিমে থাকছেন অর্জুন মোদওয়াদিয়া, জয়পাল রেড্ডি, শক্তি সিং, প্রিয়াঙ্কা চতুর্বেদী, জয়বীর শেরগিল ও পবন খেরা৷ শুধু তাই নয়, এই ডিল নিয়ে দেশব্যাপী জোরদার আন্দোলন চালানো হবে বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে৷ আগামিদিনে দেশের একটি শহরে কংগ্রেসের ৫০ জন নেতা রাফায়েল ডিলের দুর্নীতির দিকগুলি তুলে ধরবেন৷ এই দায়িত্ব সপা হয়েছে বরিষ্ঠ কংগ্রেস নেতা জয়পাল রেড্ডিকে৷

রাফায়েল চুক্তি নিয়ে বরাবরই সরব কংগ্রেস সভাপতি৷ প্রতিরক্ষা ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ এনেছেন তিনি৷ আস্থা ভোটের দিন এই ইস্যুতে সরকারকে রীতিমত তুলোধনা করেন রাহুল৷ কংগ্রেস সভাপতির অভিযোগ, এক বিশিষ্ট ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দিতে এই চুক্তি করা হয়েছে৷ তিনি জানান, ইউপিএ আমলে রাফায়েল নিয়ে ৫২০ কোটি টাকার ডিল ছিল৷ আচমকাই সেটা বেড়ে হয়ে গেল ১৬০০ কোটি টাকার ডিল৷ কীভাবে সম্ভব সেটি? ৫২০ কোটি টাকা থেকে এক একটি এয়ারক্রাফটের দাম কীভাবে একধাক্কায় এত বেড়ে গেল?

অনাস্থা প্রস্তাবে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী আরও বলেন, ”প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, ভারত ও ফ্রান্সের মধ্যে রাফায়েল নিয়ে গোপন চুক্তি হয়েছে। কিন্তু আমি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে ওই চুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করেছি। উনি বলেছেন, এরকম কোনও চুক্তি হয়নি।” রাহুলের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে বিজেপি৷ জানিয়েছে, ডিল নিয়ে কোনও দুর্নীতি হয়নি৷

The post রাফায়েল চুক্তির ফাঁকফোকর খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠন রাহুলের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MBFNRl
via IFTTT

Comments