‘সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া রাম মন্দির নির্মাণ অসম্ভব’

হায়দরাবাদ: লোকসভা ভোটের আগে ফের রাম মন্দির নিয়ে উত্তপ্ত হচ্ছে জাতীয় রাজনীতি। বিজেপি উপমুখ্যমন্ত্রীকে পালটা তোপ দাগলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। সমগ্র ভারতীয় জনতা পার্টিকেই আক্রমণ করেছেন হায়দরাবাদের সাংসদ।

সম্প্রতি উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য দাবি করেছিলেন, “আইনি পথে লড়াই যেমন চলছে চলুক৷ রাম মন্দির তৈরি করতে হলে আইন করে এগোতে হবে৷ তবেই রাম মন্দিরের বাস্তবায়ন সম্ভব৷” তাঁর মতে সুপ্রিম কোর্ট পদক্ষেপ করতে দেরি করলে সংসদে আইন পাশ করিয়ে বিজেপিকে এগোতে হবে রাম মন্দির গঠনের ক্ষেত্রে৷

আরও পড়ুন- রাম মন্দির তৈরিতে আইন পাশ করানো দরকার : বিজেপি মন্ত্রী

বিজেপি মন্ত্রীর ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পালটা মুখ খুলেছেন আসাদুদ্দিন ওয়াইসি। দেশের প্রকৃত সমস্যাগুলিকে আড়াল করতেই ভোটের আগে বিজেপি রাম মন্দির নিয়ে মেতেছে বলে দাবি করেছেন তিনি। তাঁর কথায়, “বেহাল অর্থনীতি, চাকরি এবং জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির সমাধান করতে বিজেপি ব্যর্থ। সেই কারণেই ভোটের আগে রাম মন্দির নিয়ে মেতেছে।”

সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া বিজেপি রাম মন্দির নিয়ে কিছুই করতে পারবে না বলে দাবি করেছে আইনজীবী সাংসদ আসাদুদ্দিন। তাঁর মতে, “সুপ্রিম কোর্টের রায়ের জন্য বিজেপি অপেক্ষা করতে পারছে না। এইভাবে ওরা দেশের সর্বোচ্চ আদালতকে অবমাননা করছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া বিজেপি সাংবিধানিকভাবে কিছুই করতে পারবে না।”

এরআগে, উত্তরপ্রদেশের প্রাক্তন বিজেপি বিধায়ক ও ধর্মীয় নেতা রাম বিলাস ভেদান্তি বলেন আদালত নির্দেশ দিক বা না দিক অযোধ্যায় রাম মন্দির হবেই৷ ২০১৯ সালের লোকসভা ভোটের আগে যে কোনও মূল্যে মন্দির নির্মাণের কাজ শুরু হবে৷

আরও পড়ুন- হিংসায় উস্কানি দেওয়ায় যোগীকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট

রাম বিলাস বলেছিলেন যে ম যেখানে জন্মেছিলেন সেখানেই মন্দির নির্মাণ করা হবে৷ রাম মন্দির নির্মাণের জন্য কোনও আদালতের নির্দেশের অপেক্ষা করা হবে না৷ আদালত মন্দির নির্মাণের নির্দেশ দিলে ভালো৷ না দিলেও মন্দির ওখানেই হবে৷ ২০১৯ এর আগেই মন্দির নির্মাণের কাজ শুরু হবে৷

এক সর্বভারতীয় সংবাদপত্রের খবরে প্রকাশিত হয়, হায়দরাবাদে একটি জনসভায় যোগ দিয়ে বিজেপি প্রেসিডেন্ট স্পষ্ট করে দেন রাম মন্দির নির্মাণের বিষয়টি। জানা যায়, ২০১৯ লোকসভা নির্বাচনের আগেই নির্মাণ হবে রাম মন্দির। এ নিয়ে যাবতীয় উদ্যোগে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গেরুয়া শিবিরের চাণক্য অমিত শাহ।

The post ‘সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া রাম মন্দির নির্মাণ অসম্ভব’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2vZAe5Z
via IFTTT

Comments