পাঠ্য বইতে মিলখাকে ‘ভাগাল’ বাংলা

নয়াদিল্লি: পাঠ্য বইতে আলোচনা করা হয়েছে দুরন্ত মিলখা সিং-এর বিষয়ে। ছবিও ছাপা হয়েছে। কিন্তু ছবিটি মিলখা সিং-এর নয়, ফারহান আখতারের। যিনি মিলখা সিং-র জীবন কাহিনী অবলম্বনে তৈরি ভাগ মিলখা ভাগ ছবিতে অভিনয় করেছিলেন।

পশ্চিমবঙ্গের স্কুলের পাঠ্য বইয়ের এই ভুল প্রকাশ্যে আশায় শুরু হয়েছিল বিতর্ক। সমালোচনার ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নজরে আসতেই আসরে নামলেন অভিনেতা ফারহান আখতার।

পাঠ্য বইতে নিজের ছবির নীচে মিলখা সিং লেখাটি বাংলায় হলেও গলদ ধরতে পেরেছেন ফারহান। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা মন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি ট্যুইট করেছেন। যত শীঘ্র সম্ভব ওই ভুল যাতে শুধরে নেওয়া হয় সেই আবেদন করেছেন মিলখা সিং-এর চরিত্রে অভিনয় করা ফারহান।

নিজের ট্যুইটে তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েনকেও ট্যাগ করেছিলেন ফারহান। অভিনেতার প্রতিবার্তার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ডেরেক।

খুব অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়তে থাকে জনপ্রিয় অভিনেতা ফারহানের ট্যুইট। একই সঙ্গে উঠতে থাকে একগুচ্ছ প্রশ্ন। কেউ জানতে চান, “কর্তৃপক্ষ কী ভাবছে?” কেউ আবার লিখেছেন, “প্রকাশক হয়তো ফারহান আখতারের খুব বড় অনুগামী।”

আরও পড়ুন- বাংলার সিলেবাস বদলে মা হল ‘আম্মা’

মিলখা সিং ভারতের বিশিষ্ট ক্রীড়াবিদ। বহুবার বিদেশের মাটীতে তাঁর সৌজন্যে উজ্জ্বল হয়েছে দেশের মুখ। দেশভাগের পর উদ্বাস্তু হিসেবে ভারতে এসেছিলেন। পরে নিজের দক্ষতায় পৌঁছেছিলেন সাফল্যের শীর্ষে। তাঁর জীবন অবলম্বনে তৈরি হয় ভাগ মিলখা ভাগ সিনেমা। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল বলিউডের সেই ছবি। যেখানে মুখ্য ভূমিকায় তথা মিলখা সিং-র চরিত্রে অভিনয় করেছিলেন ফারহান আখতার।

The post পাঠ্য বইতে মিলখাকে ‘ভাগাল’ বাংলা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L4OZcr
via IFTTT

Comments