স্ট্রেস কাটাতে ঘুরে আসুন মিউজিক্যাল ক্যাম্প
সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় : বাইরে রিমঝিম বৃষ্টি। তিরতির করে বইছে নদী। বাউলের গান। হাতে চা আর পকোড়া। বর্ষায় বিষয়টা জমে ক্ষীর হতেই পারে। শুধু দিন দুয়েকের ছুটি নিয়ে ঘুরে আসতে হবে মুন্দিরার মিউজিক ক্যাম্পে। তাহলেই এই সব চাহিদাগুলো পূরণ হতে পারে একসঙ্গে।
মিউজিক থেরাপি বিজ্ঞানের নব আবিষ্কার। কাজ করতে করতে যদি জীবন একঘেয়ে হয়ে যায় তাহলে জীবনের সুর তাল কেটে যেতে বাধ্য। ছন্দ খুঁজে পেটে অবশ্যই হাওয়া বদলের চেয়ে ভালো কিছু হতে পারে না। কিন্তু অফিস বেশি দিনের ছুটিও পাওয়া যাচ্ছে না। তাহলে উপায়? চোখ কান বুজে পাড়ি দিন অজয় নদের তীরে কবি জয়দেবের গ্রাম থেকে অদূরে মুন্দিরা মিউজিক্যাল ক্যাম্পে। সেখানে গেলেই আপনার থেরাপি হয়ে যাবে। বেশি নয় হাতে দিন দুয়েক হলেই হবে।

অর্থাৎ শুক্রবার অফিস করে ফিরে শনিবার সকাল বেলা ট্রেনে চড়ে চলে যান বোলপুরে। সেখান থেকে বাস ও টোটো করে প্রথমে কেন্দুলি পৌঁছে সেখান থেকে দ্বিতীয় টোটোয় চড়ে পৌঁছে যান মুন্দিরা মিউজিক্যাল ক্যাম্পে। আপনার মন ভালো হওয়া শুরু হতে পারে এখান থেকেই। মিউজিক্যাল ক্যাম্পে পরিবেশটাই এমন। ক্যাম্পে প্রবেশ করলেই আপনার জন্য চলে আসবে লেবুর জল। মাটির কটেজ বা তাঁবুতে থাকতে পারেন। ফ্রেশ হয়ে এসে বসুন নদীর তীরে। ঘুরে আসুন কাছেই জয়দেবের জন্মস্থানে তারপরে দুপুরে ফিরে আসুন ক্যাম্পে। আপনার জন্য তৈরি গরম ভাত, ডাল, সবজি, মাছের কারি।

এরপর অনেকদিনের জমে থাকা স্ট্রেস হালকা করতে একটা লম্বা ভাত ঘুম। এরপরেই আসল মজা। ঘুম থেকে উঠে বাইরে আসবেন আর দেখতে পাবেন বাউলের ভিড় জমছে। মিউজিক্যাল ক্যাম্পের কর্ণধার গোপাল পাল বলেন, “সোনাঝুড়ির হোটেল বা থাকার জায়গাগুলিতে বাউল গান শুনতে হলে টাকা দিতে হয়। এখানে এসব নেই।” গ্রামটাই যে ওঁদের। তারপর সন্ধ্যে হলেই শুরু হবে বাউল গান। গানের সঙ্গে কোমর এমনই দুলে যাবে। মাঝে আবার এনার্জি দিতে চলে আসবে চা, চিঁড়ে,পকোড়া।
তারপর আবার গিয়ে বসতে পারেন অজয় নদের তীরে। ঠাণ্ডা হাওয়ায় মনটা আপনা থেকেই ভালো হয়ে যাবে। ফটোগ্রাফির শখ থাকলে তো কথাই নেই।
ডিনারে আপনার জন্য অপেক্ষা করবে রুটি, সবজি এবং মুরগির মাংস। ইচ্ছা হলে ভাতও পাবেন। পরের দিন সকালে ফ্রেশ হয়ে গ্রাম ঘুরে আসতে পারেন। কারণ সকালের এমন পরিশুদ্ধ বাতাস কলকাতায় অন্তত মিলবে না। ফিরে লুচি তরকারি খেয়ে নিন। তারপর ট্রেনের সময় অনুযায়ী দুপুরের খাবার নিয়ে বেরোতে পারেন কিংবা ওখানেই লাঞ্চ সেরে ফেরা বাড়ির পথে।
সোমবার থেকে অফিসটা ভালো কাটতেই পারে। ছোট্ট ট্যুরে পরিবার নিয়ে যেতে পারেন। যেতে পারেন বন্ধুদের সঙ্গেও। মিউজিক্যাল ট্রিটমেন্ট যে কেমন হবে তা বুঝতেই পারছেন। তাই পরের উইক এন্ডের জন্য ব্যাগ গুছিয়ে রাখুন।
কিভাবে যাবেন? পদ্ধতি ১. বোলপুর স্টেশন থেকে শান্তিনিকেতন স্টেশন (টোটো) – খরচ ২০ টাকা মাথাপিছু শান্তিনিকেতন থেকে জয়দেব কেন্দুলি (বাস) – খরচ ৪০ থেকে ৫০ টাকা মাথাপিছু
সেখান থেকে মুন্দিরা মিউজিক্যাল ক্যাম্প (টোটো) – খরচ ১০ টাকা মাথাপিছু
পদ্ধতি ২. হাওড়া থেকে ট্রেনে দুর্গাপুর
দুর্গাপুর থেকে জয়দেব কেন্দুলি (বাস) – খরচ ৪০ থেকে ৫০ টাকা মাথাপিছু
কেন্দুলি থেকে ক্যাম্প (টোটো) – খরচ ১০ টাকা মাথাপিছু
মিউজিক্যাল ক্যাম্পের থাকা ও খাওয়া মিলিয়ে মাথাপিছু খরচ
তাঁবু-১৪০০ টাকা, মাটির ঘর-১৬০০ টাকা
The post স্ট্রেস কাটাতে ঘুরে আসুন মিউজিক্যাল ক্যাম্প appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Bos106
via IFTTT
Comments
Post a Comment