নারদকাণ্ডে ইডি-র নজরে শুভেন্দু অধিকারী
স্টাফ রিপোর্টার, কলকাতা: নারদ কাণ্ডের তদন্তে আসরে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কেন্দ্রের এই আর্থিক তদন্তকারী সংস্থার নজরে এবার রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।
ইডি সূত্রে জানা গিয়েছে শুভেন্দু অধিকারীর হিসেবরক্ষককে তলব করতে চলেছে ইডি কর্তারা। খুব শীঘ্রই তাঁকে ডেকে জেরা করা হবে বলে জানা গিয়েছে ইডি সূত্রে।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ্যে আসে নারদ ভিডিও। ওই স্টিং অপারেশনে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন দাপুটে নেতা-মন্ত্রীকে দেখা যায়। তাঁরা প্রত্যেকেই ইম্পেক্স নামক একটি সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়েছিলেন। তালিকায় ছিলেন শুভেন্দু অধিকারীও।
নিজের দফতরে বসে খবরের কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছিল শুভেন্দুবাবুকে। যদিও টাকা দেখা যায়নি। পরে অবশ্য ইডির জেরায় টাকা নেওয়ার কথা স্বীকার করেন তিনি। এবং জানান যে নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের থেকে নেওয়া টাকা তিনি নির্বাচনের কাজে খরচ করেছিলেন।
২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে করা হয়েছিল নারদ স্টিং অপারেশন। প্রাথমিক জেরায় ওই লোকসভা নির্বাচনেই ম্যাথুর থেকে নেওয়া টাকা খরচ করা হয়েছিল বলে জানান শুভেন্দু অধিকারী। ইডি সূত্রে জানা গিয়েছে, সেই টাকা নির্বাচনের কাজে কোন উপায়ে খরচ করা হয়েছিল তা বিস্তারিত জানতে শুভেন্দুর নির্বাচনী হিসেবরক্ষকে তলব করা হবে। তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতেই ঠিক করা হবে পরবর্তী পদক্ষেপ।
The post নারদকাণ্ডে ইডি-র নজরে শুভেন্দু অধিকারী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2vZANwD
via IFTTT
Comments
Post a Comment