সিধুকে ফাঁসিকাঠে ঝোলানো হোক, দাবি বিজেপি নেতার

লখনউ: পাক সেনাপ্রধানের সঙ্গে আলিঙ্গন করে বিপাকে কংগ্রেস নেতা নভজোৎ সিং সিধু৷ যতই তিনি দাবি করুক ভালোবাসার বার্তা দিতে পাকিস্তানে এসেছেন তিনি৷ কিন্তু তাতে চিড়ে ভেজেনি বিজেপি নেতাদের৷ উল্টে গেরুয়া শিবিরের একাংশ নেতা সিধুর গায়ে ‘পাকিস্তান প্রেমী’ তকমা দিয়ে তাঁকে সেদেশে পাঠিয়ে দেওয়ার দাবি জানান৷ এমনকী তারা সিধুর কড়া শাস্তি দাবিতে সরব হন৷ রবিবার আরও একধাপ এগিয়ে উত্তরপ্রদেশের আরোহার বিজেপির সংখ্যালঘু মোর্চা নেতা কংগ্রেস রাজনীতিবিদকে ফাঁসি কাঠে ঝোলানোর দাবি জানান৷

‘বন্ধু’ ইমরান খানের পাক প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানের সাক্ষী থাকতে শনিবার ইসলামাবাদ উড়ে যান সিধু৷ সেখানে তাঁকে পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে বসতে দেখা যায়৷ এরপরই পাক সেনাপ্রধান অনুষ্ঠানে আসতেই তাঁকে জড়িয়ে ধরেন সিধু৷ আড্ডায় মশগুল থাকতে দেখা যায়৷ সিধুর এই আচরণকে ঘিরে ভারতে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া৷ বিষয়টিকে একদমই ভালো ভাবে নেননি বিজেপি নেতাদের একাংশ৷

উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা পাঞ্জাব মন্ত্রিসভার সদস্যকে ফাঁসিকাঠে ঝোলানোর দাবি জানান৷ সিধুকে বিশ্বাসঘাতক বলে তোপ দেগে তিনি বলেন, ‘‘প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে হাজির না থেকে সিধু চলে গেছেন ইসলামাবাদ ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে৷ এই ঘটনা প্রমাণ করে তিনি একজন বিশ্বাসঘাতক৷ সরকারের উচিত তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা শুরু করার৷ সম্ভব হলে সিধুকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত৷’’

অপরদিকে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র সিধুকে আক্রমণ করেন৷ বলেন, ‘‘পাকিস্তান যাওয়ার আগে কি দলের অনুমতি নিয়েছিলেন তিনি? কংগ্রেস পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলে৷ আর তাদের দলের নেতা পাক সেনাপ্রধানকে জড়িয়ে ধরেন৷’’ ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার আমন্ত্রণ পেয়েছিলেন কপিল দেব ও সুনীল গাভাস্কার৷ কিন্তু দু’জনেই সন্তর্পণে সেই আমন্ত্রণ এড়িয়ে গিয়েছেন৷

The post সিধুকে ফাঁসিকাঠে ঝোলানো হোক, দাবি বিজেপি নেতার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L5qWty
via IFTTT

Comments