উত্তাল সমুদ্র! শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

ঢাকা: ফের সতর্কতা জারি করা হল উপকূলবর্তী অঞ্চলে৷ মৌসুমী বায়ুর নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ার আশঙ্কা সমুদ্র বন্দরে৷ তাই ইতিমধ্যেই তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর৷ বাংলাদেশের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ-ওডিশা উপকূলীয় এলাকায় মৌসুমী বায়ু নিম্নচাপের আকার ধারণ করেছে৷

নিম্নচাপ ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে মনে করছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা। যার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করবে৷ আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলি চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, বরিশাল সহ খুলনা, সাতক্ষীরা বিভিন্ন অঞ্চলে জলোচ্ছ্বাস দেখা যাবে৷ সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া৷

প্রসঙ্গত, আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং মাঝারি থেকে প্রবল অবস্থায় উত্তর বঙ্গোপসাগরের উপরে বিরাজমান রয়েছে। বুধবার দেশের সর্বোচ্চ প্রায় ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে টাঙ্গাইলে। পাশাপাশি বৃহস্পতিবারে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, দেশের বেশির ভাগ অঞ্চল তথা খুলনা, বরিশাল, চট্টোগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ছাড়াও সিলেটের বেশ কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে৷

The post উত্তাল সমুদ্র! শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ার আশঙ্কা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2OAVuFZ
via IFTTT

Comments