শরিয়ত আদালতের আদলে দেশের প্রথম ‘হিন্দু কোর্ট’, আদৌ বৈধ?
লখনউ: স্বাধীনতা দিবসের দিন দেশের প্রথম হিন্দু কোর্ট গঠন হল উত্তরপ্রদেশের মেরটে৷ এই আদালতে হিন্দু বিষয়ক সমস্যার সমাধান করা হবে৷ ঠিক যেমন হয়ে থাকে মুসলিমদের শরিয়ত আদালতে৷ এই হিন্দু কোর্ট গঠনের নেপথ্যে অখিল ভারতীয় হিন্দু মহাসভা৷ দেশের সংবিধান স্বীকৃত সুপ্রিম কোর্ট ও অন্যান্য আদালতগুলি উপস্থিতির পরেও এই আদালত কতটা বৈধ তা নিয়ে উঠছে প্রশ্ন৷ এবং ভবিষ্যতে এই নিয়ে জলঘোলা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷
অথচ সংবিধান যে এই ধরনের আদালতকে যে স্বীকৃতি দেয় না তা বিলক্ষণ জানে হিন্দু মহাসভা৷ সংবিধান সবার জন্য এক৷ তাহলে শরিয়ত আদালতের যৌক্তিকতা কোথায়? এই প্রশ্ন তুলে হিন্দু মহাসভা জানিয়েছিল, যদি শরিয়ত আদালত বন্ধ না করা হয় তাহলে হিন্দুদের জন্য অনুরূপ আদালত তৈরি করা হবে৷ অখিল ভারতীয় হিন্দু মহাসভার সহ সভাপতি পন্ডিত অশোক শর্মা বলেন, ‘‘সরকারকে আমরা সময় দিয়েছিলাম৷ বলেছিলাম, শরিয়ত আদালত বন্ধ হওয়া উচিত৷ সব নাগরিকের জন্য একটাই সংবিধান থাকা উচিত৷ আর আমাদের দাবি না মানা হলে হিন্দুদের জন্য অনুরূপ আদালত তৈরি করা হবে৷ যেহেতু সরকার কোনও ব্যবস্থা নেয়নি তাই দেশের প্রথম হিন্দু কোর্ট গঠন করা হল৷’’
হিন্দু কোর্টের প্রথম বিচারপতি নিয়োগ করা হয়েছে পুজা পান্ডেকে৷ যিনি অখিল ভারতীয় হিন্দু মহাসভার জাতীয় সম্পাদক৷ অংক, কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি করা এবং অংকে পিএইচডি ডিগ্রিধারী প্রফেসর পুজা পান্ডে জানান, হিন্দুদের বিষয় সংক্রান্ত সমস্যা নিয়ে আদালতে শুনানি হবে৷ এর মধ্যে রয়েছে বিবাহ, সম্পত্তি বা অর্থ সংক্রান্ত বিবাদ, হিন্দু মহিলাদের উপর নির্যাতন ইত্যাদি৷

তাঁর গলায় বিজেপির বিরুদ্ধে হিন্দুদের মধ্যে ‘ডিভাইড ও রুল’ নীতি প্রয়োগ করার অভিযোগ শোনা গেল৷ বলেন, ‘‘রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারের উপর অনেক আশা ছিল৷ কিন্তু পরে তারা জাতপাতের ভিত্তিতে হিন্দুদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা শুরু করে৷ হিন্দু কোর্ট একটা মাধ্যম৷ এর সাহায্যে আমরা হিন্দুদের একজোট করতে পারব৷’’ জানা গিয়েছে, হিন্দু কোর্টের নিজস্ব জেলখানা থাকবে৷ এছাড়া এই আদালতের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড৷
২ অক্টোবর মধ্যে কোর্টের যাবতীয় আইন কানুন প্রকাশ্যে আনবেন এবং ১৫ নভেম্বরের মধ্যে পাঁচ জন বিচারককে নিয়োগ করা হবে বলে জানান হয়েছে হিন্দু মহাসভার তরফ থেকে৷
The post শরিয়ত আদালতের আদলে দেশের প্রথম ‘হিন্দু কোর্ট’, আদৌ বৈধ? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2nJ3HfI
via IFTTT
Comments
Post a Comment