হারের ভয়ে আমেঠি ছেড়ে কেরলে যাচ্ছেন রাহুল: অমিত শাহ

লখনউ: সপ্তদশ লোকসভা নির্বাচনে দু’টি কেন্দ্র থেকে লড়বেন রাহুল গান্ধী। যা নিয়ে কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করলেন বিজেপির সভাপতি অমিত শাহ।

রবিবার উত্তর প্রদেশের বিজানোর জেলার নাগিনা শহরে সভা ছিল বিজেপির। ওই শহরের ধম্পুর এলাকায় আয়োজিত সেই সভায় হাজির ছিলেন অমিত শাহ। সেই সভা থেকে কড়া ভাষায় কংগ্রেস এবং রাহুল গান্ধীকে আক্রমণ করেন মোদীর সেনাপতি।

রাহুল গান্ধীকে আক্রমণের অন্যতম বিষয় হিসেবে অমিত শাহ বেছে নিয়েছিলেন কংগ্রেস সভাপতির দুই কেন্দ্র থেকে প্রার্থী হওয়া। প্রথম লোকসভার ময়দানে রাহুল গান্ধীকে দুটি কেন্দ্র থেকে লড়তে দেখা যাবে৷ দ্বিতীয় যে কেন্দ্রটি কংগ্রেস সভাপতির জন্য বাছা হয়েছে তা হল কেরলের ওয়ানাড লোকসভা কেন্দ্রটি৷

রবিবার কংগ্রেসের প্রবীণ নেতা একে অ্যান্টনি এই খবর ঘোষণা করেন। বিষয়টি সোশ্যাল মিডিয়া মারফৎ পেয়েছেন বলে নাগিনার জনসভায় জানান অমিত শাহ। তিনি বলেন, “হোয়াটসঅ্যাপে পড়লাম আমেঠিকে পিছনে রেখে কেরলের উদ্দেশ্যে ছুটেছেন রাহুল গান্ধী। কেন কেরলের উদ্দেশ্যে দৌড় দিলেন রাহুল?” প্রকাশ্য জনসভায় এই প্রশ্ন ফের নিজেই উত্তর দিয়ে দিয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন, “আমাদের সকলেরই জানা আছে যে আমেঠিতে রাহুল গান্ধী কী করেছেন। জয় নিয়ে অনিশ্চয়তা আছে। সেই কারণেই তিনি কেরলে যাচ্ছেন নতুন রাজনৈতিক জমি খুঁজতে।”

গত লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি লোকসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন৷ দুটি কেন্দ্র থেকেই ভোটে জয়ী হন তিনি৷ এবার সেই পথে হাঁটছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ নিজের গড় আমেঠি ছাড়া আরও একটি কেন্দ্র থেকে লড়তে দেখা যাবে সোনিয়া পুত্রকে৷

কেরলে অবশ্য কংগ্রেস সভাপতির জন্য জমি ছাড়তে নারাজ ওই রাজ্যের শাসক বামেরা। বামেদের প্রশ্ন, এত কেন্দ্র থাকতে কেরল কেন? তাহলে কি বিজেপিকে ছেড়ে বামেদের প্রধান টার্গেট করেছে কংগ্রেস? কেরলের মুখ্যমন্ত্রী পি বিজয়ন জানান, রাজ্যের ২০টি কেন্দ্রের মধ্যে যেকোনও একটি কেন্দ্র থেকে তিনি লড়তেই পারেন৷ কিন্তু খুব ভালো হত যদি রাহুল বিজেপির বিরুদ্ধে প্রার্থী হতেন৷ এতে এটাই প্রমাণ হয় যে কংগ্রেস বামেদেরকে তাদের মূল প্রতিপক্ষ মনে করে৷

অপরদিকে সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাতও কংগ্রেসের সিদ্ধান্তে হতাশ৷ বিজয়নের সঙ্গে তিনিও একমত৷ সংবাদসংস্থা এএনআইকে কারাত জানান, জাতীয় স্তরে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছে৷ এদিকে রাজ্যে রাজ্যে তারাই বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে লড়ছে৷ এর জন্য জাতীয় স্তরে ভুগতে হবে কংগ্রেসকে৷ বামেদের বিরুদ্ধে কংগ্রেস সভাপতি নিজে দাঁড়াচ্ছেন- এর মানে তো এটাই দাঁড়ায় কেরলে বামেদেরকে টার্গেট করেছে কংগ্রেস৷ তবে বামেরা তাঁর বিরুদ্ধে লড়বে এবং ওয়ানাড কেন্দ্র থেকে রাহুলকে গো হারা হারাবেন৷

The post হারের ভয়ে আমেঠি ছেড়ে কেরলে যাচ্ছেন রাহুল: অমিত শাহ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HPXvi2
via IFTTT

Comments