রাহুল গান্ধীকে পরাজিত করার ডাক প্রকাশ কারাতের
তিরুঅনন্তপুরম: প্রথমবার দুটি লোকসভা কেন্দ্র থেকে লড়বেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ আমেঠির পাশাপাশি কেরলের ওয়ানাড আসনটি বরাদ্দ করা হয়েছে সোনিয়া পুত্রের জন্য৷ এদিকে রাহুলের কেরল থেকে প্রার্থী হওয়া নিয়ে প্রবল ক্ষুব্ধ হয়েছে বামেরা৷ কংগ্রেসের দ্বিচারিতা নিয়ে তারা সরব হয়েছে৷ বামেদের প্রশ্ন, এত কেন্দ্র থাকতে কেরল কেন? তাহলে কি বিজেপিকে ছেড়ে বামেদের প্রধান টার্গেট করেছে কংগ্রেস?

বাম শাসিত কেরলে বিজেপির উপস্থিতি খুবই নগণ্য৷ এখানে প্রধান দুটি দল হল কংগ্রেস ও বাম৷ ঠিক এই জায়গাতেই কংগ্রেস সভাপতিকে নিশানা করেন কেরলের মুখ্যমন্ত্রী পি বিজয়ন৷ প্রতিক্রিয়ায় তিনি জানান, রাজ্যের ২০টি কেন্দ্রের মধ্যে যেকোনও একটি কেন্দ্র থেকে তিনি লড়তেই পারেন৷ কিন্তু খুব ভালো হত যদি রাহুল বিজেপির বিরুদ্ধে প্রার্থী হতেন৷ এতে এটাই প্রমাণ হয় যে কংগ্রেস বামেদেরকে তাদের মূল প্রতিপক্ষ মনে করে৷
অপরদিকে সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাতও কংগ্রেসের সিদ্ধান্তে হতাশ৷ বিজয়নের সঙ্গে তিনিও একমত৷ সংবাদসংস্থা এএনআইকে কারাত জানান, জাতীয় স্তরে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছে৷ এদিকে রাজ্যে রাজ্যে তারাই বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে লড়ছে৷ এর জন্য জাতীয় স্তরে ভুগতে হবে কংগ্রেসকে৷ বামেদের বিরুদ্ধে কংগ্রেস সভাপতি নিজে দাঁড়াচ্ছেন- এর মানে তো এটাই দাঁড়ায় কেরলে বামেদেরকে টার্গেট করেছে কংগ্রেস৷ তবে বামেরা তাঁর বিরুদ্ধে লড়বে এবং ওয়ানাড কেন্দ্র থেকে রাহুলকে গো হারা হারাবেন৷

গত সপ্তাহে কংগ্রেসের ওর্য়াকিং কমিটি রাহুলের দুটি কেন্দ্রে প্রার্থী হওয়ার বিষয়ে সবুজ সঙ্কেত দেয়৷ তাঁর জন্য এমন একটি কেন্দ্র চূড়ান্ত করতে বলা হয় যেখানে রাহুলের উপস্থিতি ওই আসন সংলগ্ন অন্যান্য লোকসভা কেন্দ্রগুলিকেও প্রভাবিত করতে পারে৷ ওয়ানাড কেন্দ্রটি এমন একটি জায়গায় যার একদিকে কর্ণাটক অন্যদিকে তামিলনাড়ু৷ ফলে ভৌগলিক দিক থেকে আসনটি খুবই গুরুত্বপূর্ণ৷ এই একটি আসনকে পাখির চোখ করে দক্ষিণের তিনটি রাজ্যে কংগ্রেসের ভালো ফল করার লক্ষ্যে ঝাঁপাবে দল৷ ওয়ানাড কেন্দ্রে ভোট ২৩ এপ্রিল৷ অপরদিকে আমেঠিতে ভোট হবে ৬ মে৷
The post রাহুল গান্ধীকে পরাজিত করার ডাক প্রকাশ কারাতের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2V300k6
via IFTTT
Comments
Post a Comment