কেমন রয়েছেন বাঁকুড়ার শবররা? ঘুরে দেখল কলকাতা ২৪X৭
তিমিরকান্তি পতি, বাঁকুড়া : ‘শবরদের গ্রাম’ হিসেবেই পরিচিত বাঁকুড়ার ইন্দপুরের সয়েরবেড়িয়া। লালগড়ের ঘটনার পর কেমন আছে বাঁকুড়ার এই শবর গ্রাম? তা দেখতেই ঐ গ্রামে পৌঁছে গিয়েছিল কলকাতা ২৪X৭-র ক্যামেরা। গ্রামের বুক চিরে গিয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার পাকা রাস্তা। ব্যাস এটুকুই। এই গ্রামের মানুষের প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি।

পঞ্চাশটি পরিবারের বাস এই গ্রামে শুধু নেই আর নেই। কলকাতা ২৪X৭কে কাছে পেয়ে অভিযোগের যেন শেষ নেই গ্রামবাসীদের। একশো দিনের কাজ এখানে সেভাবে হয় না। হলেও মজুরি কবে মিলবে তার ঠিক নেই। সরকারের তরফে রেশনে দু’টাকা কেজি দরে চাল দেওয়ার ঘোষণা থাকলেও তা পর্যাপ্ত নয়। এলাকায় কাজও নেই। ফলে এক প্রকার বাধ্য হয়েই হুগলি, বর্ধমানে ‘পূব খাটতে’ যেতে বাধ্য হচ্ছেন এখানকার শবররা।

লালগড়ের ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় বিডিও গ্রামে ঘুরে গিয়েছেন৷ কিন্তু আশ্বাসই সার। এখনও তার সুফল মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। বাম জমানায় বেশ কিছু বাড়ি তৈরী হলেও ‘পরিবর্তনে’র জমানায় তা হাতে গোনা। এই পরিস্থিতিতে খাবারের যোগানের পাশাপাশি, সরকারি উদ্যোগে বাড়ি ও চিকিৎসা পরিষেবার দাবি জানাচ্ছেন এখানকার শবর সম্প্রদায়ের মানুষ।

গ্রামে প্রবেশের মুখে দেখা গেল কয়েক জন শিশু খালি গায়েই রাস্তার উপর খেলছে। সেখানেই দেখা হয়ে গেল সত্তরোর্ধ দিলীপ শবরের সঙ্গে। তিনি বলেন, “এখানে সেরকম কাজ নেই। কমবয়সীরা বেশীরভাগই বর্ধমানে ‘পূব খাটতে’ গিয়েছে৷ ওখানে গিয়ে তারা মূলত ধান কাটার কাজ করেন। একশো দিনের কাজও এখানে সেরকম হয়নি।”

এই গ্রামের ভাস্কর শবর আরও বিস্ফোরক কথা শোনালেন৷ তিনি বলেন, “এই গ্রামের অনেকে এখনও এমন আছেন যাদের ভোটার কার্ড, আধার কার্ড এমনকি ডিজিট্যাল রেশন কার্ডও হয়নি। সিপিএমের আমলে যে ঘর গুলি তৈরী হয়েছিল, সেগুলিও আছ জীর্ণপ্রায়। পেট ভরে তিন বেলা খাবার, একটু মাথা গোঁজার ঠাঁই আর স্বাস্থ্য পরিষেবা দাবি করে তিনি বলেন, তবে লালগড়ের ঘটনার পর গ্রামে প্রশাসনিক আধিকারীকদের যাতায়াত বেড়েছে। এবার হয়তো সমস্যার সমাধান হতে পারে” ৷

এবিষয়ে আমরা কথা বলেছিলাম বাঁকুড়া জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এসের সঙ্গে। তিনি বলেন, ইন্দপুরের বিডিও বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। ১৬ জন শিশু বাদে সবাই খাদ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত। ওই শিশুরাও শীঘ্রই এই প্রকল্পের সুযোগ পাবে। গত অর্থবর্ষে ঐ গ্রামে চারজন বাংলার আবাস যোজনা প্রকল্পে বাড়ি পেয়েছেন।

একশো দিনের প্রকল্পে কাজ সম্পর্কে তিনি বলেন, সবার জব কার্ড আছে। ওনারা চাইলেই কাজ পাবেন। শবর শ্রেণীর মানুষের পাশে জেলাপ্রশাসন সব সময় আছে জানিয়ে তিনি আরও বলেন, একশো দিনের কাজ প্রকল্পে প্রতিদিন মজুরি দেওয়ার কোনও সংস্থান নেই। খাদ্য বা স্বাস্থ্য প্রকল্পের সুযোগ সুবিধা থেকে তারা যাতে কোন ভাবেই বঞ্চিত না হন তিনি তা সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন বলেও জেলাশাসক জানান।
The post কেমন রয়েছেন বাঁকুড়ার শবররা? ঘুরে দেখল কলকাতা ২৪X৭ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2P897w4
via IFTTT
Comments
Post a Comment