মধ্য হাওড়া জুড়ে প্রসূনের প্রচার, মিছিল বামেদেরও

স্টাফ রিপোর্টার, হাওড়া: হাওড়ার বালিখাল থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পদযাত্রা করল তৃণমূল। মধ্য হাওড়ায় প্রচার করল সিপিএম। বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়ায় জমজমাট ভোটের প্রচার।

এদিন সকালে হাওড়ার বালিখাল থেকে তৃণমূল প্রার্থীর সমর্থনে পদযাত্রা করল তৃণমূল। ওই পদযাত্রার নেতৃত্ব দেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি মন্ত্রী অরূপ রায়। কিছুটা পথ পায়ে হেঁটে কিছুটা পথ হুডখোলা গাড়িতে প্রচার করেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়।

মিছিলে অংশ নেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, তৃণমূল নেতা সৃষ্টিধর ঘোষ, সুশোভন চট্টোপাধ্যায়, মৃণাল দাস সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন হাওড়ার প্রাক্তন কাউন্সিলর বেবি জানা, প্রবীর রায়চৌধুরী, বলরাম ভট্টাচার্য, প্রাণকৃষ্ণ মজুমদার, পল্টু বণিক, তফজিল আহমেদ, কৈলাশ কুমার মিশ্র, নারায়ণ মজুমদার প্রমুখ।

বালিখাল মোড় থেকে পদযাত্রার সূচনা হয়। এরপর জি টি রোড, বালির বীরেশ্বর চ্যাটার্জি স্ট্রিট, চৈতলপাড়া, পদ্মবাবু রোড, বালি পঞ্চাননতলা রোড, বালি বাজার, গোস্বামীপাড়া, সতীশ চক্রবর্তী লেন, ধর্মতলা রোড, বেলুড় স্টেশন, লালবাবা কলেজ, পালপাড়া হয়ে বালি বাদামতলা পেট্রোল পাম্পের সামনে পদযাত্রা শেষ হয়।

প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, দেশে যে জনবিরোধী সরকার ক্ষমতায় রয়েছে তাকে সরাতে একমাত্র যিনি পারেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নোটবন্দি, জিএসটি নিয়ে আমরা প্রতিবাদ করেছি। এগুলো বন্ধ করতে বলেছি। এই দিল্লির সরকারকে যত শীঘ্র সম্ভব সরিয়ে দিতে হবে। গত পাঁচ বছরে সাংসদ হিসেবে হাওড়ার জন্য সব কাজই করেছি। মানুষ আবার আশীর্বাদ করলে আগামী দিনে আরেকটু বেশি রাস্তাঘাট, নিকাশি আরেকটু ভালো করতে চাই।

এদিনের পদযাত্রার অন্যতম আকর্ষণ ছিল রণপা, আদিবাসী নৃত্য, ঢাকের বাদ্যি। কার্যত এদিনের পদযাত্রা দিয়েই হাওড়ায় জোরকদমে প্রচারে নেমে পড়ল তৃণমূল। অন্যদিকে, বৃহস্পতিবার সকাল থেকে সিপিএম প্রার্থী সুমিত্র অধিকারীর সমর্থনে মধ্য হাওড়ার বিভিন্ন এলাকায় প্রচার হয়। প্রার্থীকে নিয়ে বাম কর্মী সমর্থকেরা চৌধুরীপাড়া, এম সি ঘোষ লেন, টিকিয়াপাড়া সহ ২০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার করেন৷

The post মধ্য হাওড়া জুড়ে প্রসূনের প্রচার, মিছিল বামেদেরও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Uk6oWU
via IFTTT

Comments